সময় কলকাতা ডেস্ক: ১৯ জুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজায় রয়েছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তারই মধ্যে দোরগোড়ায় কড়া নাড়ছে বর্ষা। শহর কলকাতার বেশিরভাগ জায়গাতেই প্রধানত মেঘলা আকাশ। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বুধবার শহরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না। কিন্তু, অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। কলকাতায় বিকেলের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা।
পূর্বাভাস বলছে, আপেক্ষিক আর্দ্রতার জেরে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কবে মিলবে স্বস্তির বৃষ্টি? সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গে বিকেলের পর বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭১ থেকে ৮৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!