সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ তীব্র তাপপ্রবাহে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সৌদি আরব। প্রায় ৫২ ডিগ্রির গরমে হজ যাত্রায় গিয়ে মৃতের সংখ্যা আরও বাড়ল। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাপপ্রবাহের কারণে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৯০ জন ভারতীয় রয়েছে। এই মুহূর্তে অনেক হজযাত্রীর খোঁজ মিলছে না। অন্যদিকে, মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের নাগরিক। মক্কায় হজে গিয়ে জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে।
ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। প্রায় ২২০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, এ বছর মক্কায় হজ করতে আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। অনেকে আবার অর্থের অভাবে সরকারি ভিসা ছাড়াই আসেন। ফলে তাঁদের জন্য সৌদি সরকারের এসি সুবিধা থাকে না। যদিও সৌদি প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, সোজা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হজযাত্রীদের অনেক রীতিনীতি মানতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখনও বেশ কিছু মৃত মিশরীয়দের খোঁজ চলছে। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু মানুষের খবর মিলেছে। তবে সংখ্যায় কত, সে ব্যাপারে নিশ্চিত নয় সরকার।
প্রসঙ্গত, সৌদির জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে ওইদিন ২ হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় তাঁদেরকে উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর আগে গত বছর বিভিন্ন দেশ থেকে মক্কায় হজ করতে আসা অন্তত ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। এবার তা আরও ভয়াবহ আকার নিল।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!