সময় কলকাতা ডেস্ক, ২৩ জুনঃ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। তারই মধ্যে এবার নিট ইউজি -এর প্রশ্নফাঁস মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। শনিবার শিক্ষামন্ত্রকের তরফে প্রেসবিবৃতি জারি করে বলা হয়েছে, গত ৫ মে ২০২৪ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল। এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে।
এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন। এছাড়াও দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া।
সাত সদস্যের এই কমিটিতে আছেন আইআইটি দিল্লি ও আইআইটি মাদ্রাজের অধ্যাপকও। উচ্চ পর্যায়ের এই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবে, সেগুলি হল পরীক্ষা পদ্ধতি, তথ্যের গোপনীয়তা, ন্যাশনাল টেস্ট এজেন্সির কার্যক্রম এবং কর্মপদ্ধতি। এই কমিটিকে বলা হয়েছে আগামী দুই মাসের মধ্যে মন্ত্রককে স্বচ্ছ রিপোর্ট দিতে হবে।
প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। এদিকে, শনিবার গ্রেটার নয়ডায় নিমকা গ্রাম থেকে রবি অত্রিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ টাস্ক ফোর্স। এই রবিকে নিট দুর্নীতির মূল পান্ডা মনে করা হচ্ছে। নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আগেই ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এর পর ঝাড়খণ্ড থেকে এই কাণ্ডের আরেক সন্দেহভাজন মূলচক্রী সিকন্দর যাদবেন্দ্র-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?