স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুনঃ বড় ব্যবধানের জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে উয়াড়িকে হারিয়ে দিল তারা। গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলে ৬-০ ব্যবধানে জয় পেল সাদা-কালো ব্রিগেড। কলকাতার তৃতীয় প্রধানের হয়ে জোড়া গোল করেন লালথানকিমা ও সজল বাগ। একটি করে গোল পেয়েছেন অ্যাশলে আলবানকোলি ও থোকচম জেমস সিং।

গতবারে কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মহামেডান স্পোর্টিংয়ের ডেভিড লালহানসাঙ্গা। তবে এই মরশুমের শুরুতে দলবদল করে তিনি যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে। তাঁকে ছাড়া মহামেডান আক্রমণভাগ কীরকম খেলে সেদিকে নজর ছিল সমর্থকদের। কলকাতা লিগের প্রথম ম্যাচে ডেভিডের অভাব টের পেল না গত তিনবারের কলকাতা লিগ জয়ীরা।যদিও তাদের প্রতিপক্ষ ছিল খাতায় কলমে দুর্বল উয়াড়ি। একটা সময় এই দল কলকাতা লিগে অংশ নেবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে খেলার সুযোগ পেলেও প্রস্তুতি ছাড়াই যে তারা মাঠে নেমেছেন বোঝা গেল। বিরিতে যাওয়ার আগে সজল বাগের করা একমাত্র গোলে এগিয়ে যায় মহামেডান। প্রায় একক দক্ষতায় গোলটি করেন বাঙালি স্ট্রাইকার।
আরও পড়ুনঃ Mohun Bagan : জল্পনার অবসান ঘটিয়ে আপুইয়ার নাম ঘোষণা মোহনবাগানের, বিবৃতিতে অভিনবত্বের ছোঁয়া
দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব।ফলও মেলে। বিরতির পরপরই দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন সজল। বক্সের কিছুটা বাইরে থেকে মাটি ঘেষা শটে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন। দ্বিতীয় গোলটি হজম করে ম্যাচ থেকে হারিয়ে যায় উয়াড়ি। তাদের ফুটবলারদের দেখে ক্লান্ত মনে হচ্ছিল। সেই সুযোগকে কাজে লাগায় মহমেডান। আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় তারা। সেই চাপের মুখে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না উয়াড়ির। সেই সময় তাদের জালে একের পর এক বল জড়িয়ে যান লালথানকিমা, অ্যালেক্সরা। শেষ দিকের উয়াড়ি গোলগুলি হজম করেছে নিজেদের ফুটবলারদের ভুলে। তাদের খেলায় তালমিলের অভাব স্পষ্ট ছিল। উল্টোদিকে অনেক বেশি সংঘবদ্ধ দেখিয়েছে মহামেডান ফুটবলারদের। টানা চতুর্থবারের জন্য লিগ জয়ের লক্ষ্য নিয়ে যে তারা মাঠে নেমেছে সেই বার্তা দিয়েই মাঠ ছাড়ল সাদা কালো ব্রিগেড।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক