Home » পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই, নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই, নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

সময় কলকাতা ডেস্ক, ৩ জুলাই: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। মঙ্গলবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদাল তে পুর নিয়োগ দুর্নীতি মামলার প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে পুর নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত অয়ন শীলের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের নামও রয়েছে। সিবিআইয়ের চার্জশিট মারফত জানা গিয়েছে, করোনা অতিমারির সময় দক্ষিণ দমদম পুরসভায় মোট ২৯ জনের চাকরি বাতিল হয়েছিল। সেই চাকরি নিয়ম বহির্ভূতভাবে হওয়ায় তা বাতিল করতে বাধ্য হয়েছে বলে সিবিআই উল্লেখ করেছে।

আরও পড়ুন   গণপিটুনির ঘটনায় মৃতর পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

এই ২৯টি পদে চাকরি কি টাকা বিনিময়ে হয়েছিল নাকি অন্য কিছু বিনিময়ে, তা এখনও তদন্তাধীন। তবে পাচু রায় পুরসভার চেয়ারম্যান (Chairman) থাকাকালীনই এই বেনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে (Chargesheet)। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে অয়ন শীলেরও। তাঁর সল্টলেকের ফ্ল্যাট ও হুগলির বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক নথিই পাওয়া গিয়েছে, যা পুরসভার নিয়োগ সংক্রান্ত বলেই জানতে পেরেছন তদন্তকারীরা। একাধিকবার অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান এবং উদ্ধার হওয়া নথি থেকে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই, ইডির।

এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে একাধিকবার তলব করেছে ইডি। এমনকী নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাত পাতার নথি উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। ইডির অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। এমনকী কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন নিতাইয়ের স্ত্রী ও ভাই। সূত্রের খবর, কীসের ভিত্তিতে ওই নিয়োগ হয়েছিল, সেখানে কোনও গরমিল ছিল কি না, সেই বিষয়গুলিও ইডির স্ক্যানারে রয়েছে।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে রয়েছে পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, নিউ বারাকপুর, কামারহাটি, মধ্যমগ্রাম, হালিশহর, কৃষ্ণনগর পুরসভা। এই ১০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অনিয়ম হয়েছে বলেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুরনিগম দফতরের কাছে এই দশটি পৌরসভা সংক্রান্ত বিভিন্ন তথ্য আবারও চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি তদন্তকারীরাই বলছেন, যে কটি পুরসভার নাম উঠে এসেছে, তার মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তর ২৪ পরগনার।

#CBI

#MunicipalRecruitmentCorruptionCase

#Latestbengalinews

About Post Author