Home » রথযাত্রার প্রথম দিনেই পুরীতে অঘটন, মাত্রাতিরিক্ত ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত ভক্ত, হাসপাতালে ভর্তি অন্তত ৩০০

রথযাত্রার প্রথম দিনেই পুরীতে অঘটন, মাত্রাতিরিক্ত ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত ভক্ত, হাসপাতালে ভর্তি অন্তত ৩০০

সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাইঃ এই প্রথমবার পুরীতে রথযাত্রার আয়োজন করেছিল BJP সরকার। তারই মধ্যে ঘটে গেল বড়সড় বিপর্যয়। পুরীর রথযাত্রায় রথ টানার সময় মাত্রাতিরিক্ত ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক ভক্তের। তবে, শুধু তিনি একাই নন, রথযাত্রার প্রথম দিনেই রথ টানাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক ভক্ত। ৩০০ জনের বেশি ভক্ত হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে জনা ৫০ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় দড়ি টানতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। আর এ বছর বিজেপি সরকার দু’দিনের রথযাত্রার উৎসব আয়োজন করেছিল। প্রথম দিনে রথযাত্রায় ভিড়ের চাপে দম আটকে ওই ভক্তের মৃত্যু হয়েছে। এবার দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ BJP সরকারের কাছে।

আরও পড়ুন   পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের

প্রসঙ্গত, রবিবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ পুরীর মন্দির থেকে রথ বের হয়। আগে থেকেই রাস্তার দু’দিকে লক্ষাধিক মানুষের ভিড় ছিল। পুরীর গ্র্যান্ড রোডের উপর রথ যাওয়ার সময়ই আচমকা হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। বলরামের তালধ্বজ রথের রশিতে টান দেওয়ার সময়ই ঘটে বিপত্তি। শরীর আনচান করতে শুরু করে এক বৃদ্ধ ভক্তের। উৎসবের মাঝেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত উদ্ধার করে পুরীর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, এদিন পুরীর রথযাত্রাকে ঘিরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। লক্ষ মানুষের ভিড়ে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। তা থেকে রেহাই পেতে অনেকে ভিড় ঠেলে বেরোতে চান। তারই জেরে হুড়়োহুড়ি শুরু হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হওয়ার পরই রবিবারের রথযাত্রা স্থগিত করে দেওয়া হয়। সূত্রের দাবি, হাথরাসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ৫৩ বছর পর এবার দু’দিন ধরে পুরীতে রথযাত্রা পালন করা হচ্ছে তাই ভক্তদের রথের দড়ি টানা থেকে বঞ্চিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে, একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে সোমবার আরও কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে।

#Puri’sJagannathRathYatra

#Latestbengalinews

About Post Author