Home » ইডির উপর হামলার ঘটনায় শাহজাহানের ভাই সিরাজউদ্দিন-সহ তিনজনকে ফের তলব ইডির

ইডির উপর হামলার ঘটনায় শাহজাহানের ভাই সিরাজউদ্দিন-সহ তিনজনকে ফের তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাইঃ সন্দেশখালিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। তারই মধ্যে এবার ইডির উপর হামলার ঘটনায় সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন-সহ তিনজনকে ফের তলব করল ইডির। সূত্রের খবর, শাহজাহানের জামাই এবং গাড়িচালককেও তলব করা হয়েছে। আগামী বৃহস্পতি এবং শুক্রবার তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও অবধি কোনও খোঁজ নেই শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের। তাঁকে এর আগেও একাধিকবার নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, রেশন দুর্নীতি এবং জমি, ভেড়ি দখল সংক্রান্ত অভিযোগেই তলব করা হয়েছে ওই তিনজনকে। শেষমেশ ইডির তলবে তাঁরা সাড়া দেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন  পঞ্চায়েত সমিতির দখল নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব খানাকুলে, মাথা ফাটল পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির

ইতিমধ্যেই সন্দেশখালিকাণ্ডে প্রথম শর্তসাপেক্ষ জামিনে মুক্ত পেয়েছেন শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি। পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিনে মুক্তি দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। তবে জামিনে মুক্তি পেলেও সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। আদালত একাধিক শর্ত বেঁধে দিয়েছে তাঁকে। জানা গিয়েছে, সিবিআইয়ের কাছে নিজের ঠিকানা জানানোর পাশাপাশি সপ্তাহে দু’দিন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হবে ফারুককে। গত ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ED এর উপর হামলা হয়। সেই হামলার ঘটনায় ন্যাজাট থানায় ED -র তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ শতপ্রণোদিত একটি মামলা দায়ের করে। এছাড়াও ইডি একটি মামলা দায়ের করে ন্যাজাট থানায়।

ইডির উপর হামলার ঘটনায় মোট দুটি মামলা রুজু হয়। কেস নম্বর ৮ ও কেস নাম্বার ৯। এরপর হাইকোর্টের নির্দেশে কেস হস্তান্তর হয় CBI এর হাতে। গত ২৭ মে CBI এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোঃ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিন সহ ৭ জনের নাম ছিল। শনিবার ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী। এরপর আদালত ফারুক আকুঞ্জিকে ব্যক্তিগত ৫ হাজার টাকার বন্ড এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

#ED

#Latestbengalinews

#ShekhShahJahan 

#শেখশাহজাহান

#ইডিরউপরহামলা

About Post Author