Home » সিলিন্ডার ফেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড মেদিনীপুরের গেটবাজারে, আগুনে ঝলসে প্রাণ গেল ৯ বছরের নাবালকের

সিলিন্ডার ফেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড মেদিনীপুরের গেটবাজারে, আগুনে ঝলসে প্রাণ গেল ৯ বছরের নাবালকের

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাইঃ সিলিন্ডার ফেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড মেদিনীপুরে। দাউদাউ করে জ্বলে উঠল পাঁচ থেকে ছ’টি দোকান। ক্ষতিগ্রস্ত দু’থেকে তিনটি বাড়ি। বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে মেদিনীপুরের গেট বাজার সংলগ্ন এলাকায়। সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। এদিকে,প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বছর নয়ের এক নাবালকের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৩টে ৩০ নাগাদ হঠাৎই গেট বাজারে অবস্থিত একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউ-দাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন একটা দোকান থেকে আরেকটি দোকানে ছড়িয়ে পড়তে থাকে। ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে।

আরও পড়ুন  ওমানের মাঝ সমুদ্র থেকে ৮ ভারতীয়কে উদ্ধার করল নৌসেনা, এখনও নিখোঁজ ৫ ভারতীয়-সহ ৭ নাবিক

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনে তারা। জানা গেছে, পুড়ে যাওয়া বাড়িগুলির মধ্যেই একটিতে আগুনে ঝলসে যায় এক নাবালক। নাম রানা (৯)।তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ। ঘটনা প্রসঙ্গে মৃত নাবালকের বাবা বলেন, ‘ আমি শ্বশুরবাড়িতে ছিলাম। রাত্রি সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে বলে ভাইয়ের কিছু হয়ে গিয়েছে তুমি এসো। আমি দৌড়ে এসেছি আগুন শুনে। ছেলে এইভাবে চলে যাবে, ভাবতে পারিনি।’ অন্যদিকে, গেট বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাত্র জানান, গোটা ঘটনায় স্তব্ধ বাজার। প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

#FireIncidentInPaschimMedinipur

#Latestbengalinews

About Post Author