Home » মোদির নীতি আয়োগের বৈঠক ছেড়ে ওয়াক-আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মোদির নীতি আয়োগের বৈঠক ছেড়ে ওয়াক-আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই: নীতি আয়োগের বৈঠক ছেড়ে ওয়াক-আউট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিরোধী জোটের একমাত্র প্রতিনিধি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁকে আজকের বৈঠকে কথা বলতে দেওয়া হয়নি বলেই অভিযোগ তুললেন তিনি। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান মমতা।

আরও পড়ুন  Women Asia Cup T20 : অষ্টম বার এশিয়া সেরার সুযোগ হরমনপ্রীতদের, প্রথমবার ট্রফি জিততে মরিয়া আতাপাত্তুরাও

রাষ্ট্রপতি ভবনের বাইরে বেড়িয়ে তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ২০ মিনিট বলা সুযোগ পেয়েছেন. অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও বলায় যথেষ্ট সুযোগ পেয়েছেন। কিন্তু, আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। বিরোধী দল থেকে আমিই একমাত্র অংশগ্রহণ করেছিলাম। তবুও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।’ একইসঙ্গে মমতা জানিয়েছেন, এর পরে নীতি আয়োগের আর কোনও বৈঠকে তিনি থাকবেন না।

উল্লেখ্য, দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার রাজ্যের দাবিদাওয়াগুলোকে তুলে ধরবেন বলেই জানিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক সংঘাতের কারণেই বাংলাকে আলাদা করে টার্গেট করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলা পাচ্ছে না। কেন্দ্রের তরফ থেকে পাল্টা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। দুর্নীতির অভিযোগ কার্যত অজুহাত বলেই পাল্টা চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক মঞ্চে মাঠে-ময়দানে একই অভিযোগ তুলেছে রাজ্য সরকার। একশো দিনের কাজ, আবাসের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এমনকী রাজভবনের বাইরে দিনের পর দিন ধর্নাতে সামিল হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। পাল্টা নির্বাচনের আগে কেন্দ্রের শাসক নেতারা বাংলায় এসে বারবার দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

#Latestbengalinews

#NitiAayogmeeting

About Post Author