সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রাজ্যের মোট ৬০ টি পুরসভাকে নিয়ে চলছিল এই পুর নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত। তবে শুক্রবার রাজ্যের ৩টি পুরসভা বাদে বাকি ৫৭টি পুরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটেই শেষমেশ ক্লিনচিট পেল শান্তিপুর পুরসভা। শান্তিপুর পুরসভার পাশাপাশি টাকি, পানিহাটি পুরসভাকেও ক্লিনচিট দেওয়া হয়েছে বলে খবর। এদিন চার্জশিটে দাবি করা হয়েছে, ২০১৪ সালের পর থেকে ১৭টি পুরসভায় ১৮৫০ জনের নিয়োগে বেনিয়ম হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি কারচুপি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। সিবিআই তদন্তে কামারহাটি, বরাহনগর এবং টিটাগড়-সহ বিভিন্ন পুরসভার নাম উঠে এসেছে। সিবিআইয়ের নজরে ছিল নদিয়া জেলার শান্তিপুর পুরসভাও। ২০২৩ সালের জুন মাসে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তিপুর পুরসভায় হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। শেষমেশ সিবিআই তলবের এক বছরের মাথায় শান্তিপুর পুরসভাকে ক্লিনচিট দিল সিবিআই।
আরও পড়ুন ২০১৪ সালের পর থেকে ১৭ পুরসভায় ১৮৫০ জনের নিয়োগে বেনিয়ম হয়েছে, চার্জশিটে দাবি সিবিআইয়ের
এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে সিবিআই জানিয়েছে, এজেন্টের মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রত্যেকের কাছ থেকে গড়ে ৫০ হাজার টাকা করে কমিশন নিয়েছিলেন অয়ন শীলের এজেন্টরা। চার্জশিটে শমীক চৌধুরী নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সিবিআইয়ের দাবি, অয়নের বন্ধু এবং এজেন্ট ছিলেন এই শমীক। ১০-১২ জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন তিনি। দেবেশ চক্রবর্তী ওরফে কানুদার মাধ্যমেও অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন অন্তত ১৪ জন চাকরিপ্রার্থী। এদের প্রত্যেকের কাছ থেকেই ৫০ হাজার টাকা করে নিয়েছিলেন তাঁরা।
জানা গিয়েছে, কলকাতা-সহ ১৬টি পুরসভায় নিয়ম বহির্ভূতভাবে অনেকে চাকরি পেয়েছেন। আর এসব ক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করেছেন প্রমোটার অয়ন শীলের সঙ্গীরা। কিছুদিন আগেই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল অয়নের সঙ্গী দেবেশ চক্রবর্তীকে। সূত্রের খবর, দেবেশ মূলত মিডলম্যানের কাজ করতেন। তাই মিডলম্যান হিসাবে আর কে কে কাজ করতেন। কার কাছ থেকে টাকা নিয়ে কার হাতে দিতেন, এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেবেশের থেকে পেতে চাইছেন তদন্তকারীরা। এদিনই তাঁর বয়ান রেকর্ড করা হয়। এর পাশাপাশি সিবিআই জানতে পেরেছে, অয়ন ঘনিষ্ঠ দেবেশই ৬০০ জনেরও বেশি চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য পাঠিয়েছিলেন।
#Latestbengalinews
#Municipalrecruitmentcorruptioncase
#CBI


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?