Home » Ration Corruption Case: রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিককে তলব ইডির

Ration Corruption Case: রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিককে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাইঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এদিন বসিরহাটের সংগ্রামপুরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি, রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। পাশাপাশি তাঁর নিউটাউনের ফ্ল্যাটেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এদিন তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ কুড়ি লক্ষ টাকা। এমনকী তাঁর রাইস মিল থেকেও ইডি আধিকারিকরা প্রচুর ডিজিটাল নথির ডেটা বাজেয়াপ্ত করেছেন। এবার বারিককে সিজিও কমপ্লেক্সে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। শুক্রবার সকাল ১১টার মধ্যে তলব করা হয়েছে তাঁকে। তিনি হাজিরা দেবেন কি না তা এখনও অবধি জানা যায়নি।

আরও পড়ুন   ফিরল কাঞ্চনজঙ্ঘার দুঃস্বপ্নের স্মৃতি, রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত

এর আগে ২০১৪ সালে সোনা পাচার মামলায় বারিক গ্রেফতার হয়। এরপর কয়লাকাণ্ডে নাম জড়ায় তাঁর। সোনা পাচার কাণ্ডে জামিন পাওয়ার পর রিয়েল এস্টেট থেকে শুরু করে ইটভাটা, অ্যাগ্রো প্রোডাক্টের ব্যবসার নামে একাধিক সংস্থা খোলেন। শুধু তাই নয়, কলকাতা, নিউটাউন , রাজারহাট সহ বসিরহাটে প্রচুর সম্পত্তি কেনেন বলেও জানা যায়। অভিযোগ, সেই কোম্পানিগুলির আড়ালেই নাকি বারিক রমরমিয়ে চালাতেন তাঁর বেআইনি ব্যবসা। ইডির অনুমান, রেশন দুর্নীতির টাকাও এই সংস্থাগুলোর মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার সাত সকালে প্রায় ৪০ জনের একটি টিম তল্লাশি শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক জায়গায়। বারিক বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। এদিন পুরো বাড়ি চতুর্দিক ঘিরে ফেলেন বিএসএফ। সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিলেও চলে তল্লাশি। রাইস মিলের কর্মীদের সঙ্গে কথাও বলেন ইডি গোয়েন্দারা।

উল্লেখ্য, রেশন দুর্নীতিতে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

#ED 

#Rationcorruptioncase 

#BarikBiswas

About Post Author