Home » অশান্ত বাংলাদেশ : ঘুরে কি দাঁড়াতে পারবে আওয়ামী লীগ

অশান্ত বাংলাদেশ : ঘুরে কি দাঁড়াতে পারবে আওয়ামী লীগ

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৮ অগাস্ট : বেশ কিছুদিন ধরে অশান্ত বাংলাদেশ যখন ধীরে ধীরে শান্ত হচ্ছে,একদিকে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যখন শপথ নেওয়ার তোড়জোড় নিচ্ছে , যখন বিএনপি নেতা নেত্রীরা  জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন তখন  কয়েকদিন আগে  সরকারে ও ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতা-নেত্রীরা কোথায়? কি করছেন তাঁরা?

দেশ ছেড়ে শেখ হাসিনা আত্মগোপন করে রয়েছেন ভারতে আর আওয়ামী লীগের নেতারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা শেখ হাসিনাকে দেশে ফেরাবেনই।  তাঁরা বিশ্বাস করেন, তাঁরা ঘুরে দাঁড়াবেন আর তাই তাঁরা একতাবদ্ধ হওয়ার চেষ্টায়। তাঁরা বলছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার তাঁদের ভাঙা হয়েছে তবুও তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন।  তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ছুয়ে লাখো জনতার শপথ নিলেন তাঁরা।

সদ্য সাবেক হয়ে যাওয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে লাখো জনতা নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেয় হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন সমূহ থেকে হাজার হাজার নেতাকর্মী টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটে জড়ো হতে থাকে। মিছিলটি পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি ( মাগফেরাত ) কামনা করে প্রার্থনা করা হয়।

মিছিল ও শপথে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন।এ সময় নেতারা সমবেত কন্ঠে বলেন, ‘আমরা শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনবো ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমি আরও শপথ করছি যে, তার ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিবো। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমি এই শপথ বাক্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ ছুঁয়ে করছি।” হাত একজোট, হাত মুষ্টিবদ্ধ। সময় বলবে, অশান্ত বাংলাদেশ শান্ত হওয়ার সন্ধিক্ষণে একদিন শপথ পথ খুঁজে পায় কিনা।।

আরও পড়ুন ফের রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন মন্ত্রিসভায় গুরত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র

About Post Author