Home » দুর্গাদের রাত দখল ও নতুন ভোরের শপথ

দুর্গাদের রাত দখল ও নতুন ভোরের শপথ

পুরন্দর চক্রবর্তী, অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দীপ সেন,সময় কলকাতা, বারাসাত : দুর্গাদের রাত দখল শুধু নয়, নতুন ভোরের শপথ। সমতল ছাড়িয়ে পাহাড় থেকে জঙ্গল – দুর্গাদের দেওয়া নতুন পথের দিশা।

দিকে দিকে জেগে ওঠার আহ্বান।এরকম আন্দোলন বঙ্গ আগে দেখে নি। রাত এগারোটা বাজতে না বাজতেই ৭৮ তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে যে আলোকিত পথ খোঁজার ইশারা দিল দুর্গারা তাদের নির্দিষ্ট কোনও বয়স নেই। তাঁদের জাতি নেই, ধর্ম নেই। সব ভেদাভেদ ভুলে ঝড়বৃষ্টি উপেক্ষা করে পথে নামল তারা। মুখে স্লোগান -উই ওয়ান্ট জাস্টিস যা ছড়িয়ে পড়ল নগরে প্রান্তরে। সুবিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার অধিকারে মুখর বিভিন্ন বয়সের “মেয়েরা,রাত দখল করো ” কর্মসূচিতে সামিল হল জঙ্গল থেকে পাহাড়ে এবং সমতলে। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস ও পৈশাচিক খুনের বিচার চায় তারা। সাধারণ মানুষের অভূতপূর্ব এই সুশৃঙ্খল আন্দোলন কোথাও বাধা পায় নি। আর জি করের কুড়ি মিনিটের দুষ্কৃতী তান্ডব এই আন্দোলনের গতি প্রতিহত করতে পারে নি। বঙ্গের ভিন্ন ভিন্ন কোণে মানব বন্ধন হয়েছে শঙ্খনাদে আর মোমবাতি প্রজ্জ্বলনে। শুধু দুর্গারা নয়, দুর্গাদের হাত ধরে তার বৃদ্ধা মা, বৃদ্ধ পিতা,কিশোর ভাই, মধ্যবয়সী অভিভাবকরা পথে নামলেন।তাঁরা সুশৃংখলভাবে অ্যাম্বুলেন্সের পথ ছেড়ে দিলেন, বুকে স্বাধীনতার পতাকা নিয়ে দুর্গাদের রাত দখল নতুন ভোরের সন্ধান দিল।

৭৮ তম স্বাধীনতা দিবসের সন্ধিক্ষনে শপথ ছড়িয়ে গেল আকাশে বাতাসে। মহিলা চিকিৎসকের মৃত্যুর বিচার চাওয়া এই আন্দোলন হয়ে উঠল মানুষের অধিকার রক্ষার লড়াই। আর এখানেই নতুন দিশা পেল মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। শিলিগুড়ি থেকে মেদিনীপুর, বারাসাত থেকে কলেজ স্কোয়ার, যাদবপুর থেকে বরানগর সর্বত্র রাত দখল অঙ্গীকার রাখল নতুন ভোরের, প্রতিটি নারীর রক্ষাকবচ পাওয়ার জন্মগত অধিকারের।।

আরও পড়ুন RG Kar Doctor Death: আরজিকর হাসপাতালের সেমিনার হল ভাঙার অভিযোগ, ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

About Post Author