Home » দুর্গারা রাস্তায়, অন্যদিকে চটুলগানে স্বাধীনতা দিবস উদযাপন

দুর্গারা রাস্তায়, অন্যদিকে চটুলগানে স্বাধীনতা দিবস উদযাপন

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৫ অগাস্ট : একদিকে ৭৮ তম স্বাধীনতা দিবস, অন্যদিকে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে যখন দুর্গারা রাস্তায় নেমেছে ঠিক সেই সময় বারাসাতের একাধিক মোড়ে চলল চতুর হিন্দি সংগীতের আসর। রীতিমত বিবিধ বাজনা সহকারে কোথাও জাতীয় সড়কের পাশে, কোথাও জাতীয় সড়ক ও রাজ্যসড়কের সংযোগ স্থলে চলল উদ্দাম চটুল হিন্দি চলচ্চিত্রের গান। প্রশ্ন উঠছে, নিন্দার ঝড়ও উঠছে।

দৃষ্টিকটু ও শ্রুতিকটু বললে কম বলা হয়। সময় সন্ধ্যা থেকে রাত। ২০২৪ সালের ১৪ ই আগস্ট ও ১৫ই আগস্টের সন্ধিক্ষণ । একদিকে তখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে, “মেয়েরা রাত দখল করো” কর্মসূচিতে অংশ দিতে কাতারে কাতারে নারী-পুরুষের ঢল পথে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সুড়িপথ ও গলিপথ থেকে রাজপথে। সদ্য কিশোরী থেকে বৃদ্ধা মানববন্ধন করে , বৃদ্ধ পিতা তাঁর মেয়ের হাত ধরে , তরুণ ছেলেটি তার বোনের হাত ধরে পথে নেমেছেন নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে। আর সেসময় জাতীয় সড়কের পাশে গমগম করে চটুল হিন্দি ফিল্মি সঙ্গীত বাজিয়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন। বারাসাতে ১৫ অগাস্ট পালন করার প্রাক মুহূর্তে এক আশ্চর্য চিত্র ধরা পড়ল। শুধু ক্যামেরায় নয়, পথ চলতি মানুষের চোখেও। মঞ্চে ‘বীর শহীদের স্মরণে’ কথাটি লেখা থাকলেও বীর শহীদদের স্মরণে সর্বত্র প্রেমরসের ফোয়ারা।কোথাও কিন্তু স্বাধীনতা দিবসের উদযাপনে যে গান হয় তার ছিটেফোঁটাও ছিল না। প্রায় প্রত্যেকটি গানই চটুল হিন্দি গান। কারা করছিল এভাবে স্বাধীনতা দিবস উদযাপন? অভিযোগ, শাসকদলের একাধিক ওয়ার্ড কমিটির উদ্যোগে এরকম অতি আধুনিক গান চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে উঠেছে অভিযোগ।একদিকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, অন্যদিকে স্বাধীনতা দিবস পালনের নামে মঞ্চে চলেছে এমন গান যা আধুনিক পার্টিতেই মানাতে পারে। ” মেরে বতন কি লোগো ” নয় মঞ্চের গায়িকাদের কণ্ঠে ভেসে আসছিল “বহত পেয়ার করতে হে তুমকো সনম “এ-ধরণের চটুল গান। চটুলগানে স্বাধীনতা দিবস উদযাপন কার্যত-ই অভিনব।

এক জায়গায় নয়, বারাসাতের একাধিক জায়গায় এরকমভাবেই স্বাধীনতা দিবস উদযাপিত হল শাসক দলের এক শ্রেণীর ভাবনাপুষ্ট হয়ে। দুর্গাদের আন্দোলন যখন সুশৃংখলভাবে এগিয়ে চলেছিল তখন জাতীয় সড়কের পাশেই বেসুরো গানে শহীদস্মরণ হল ১৪ তারিখ ও ১৫ তারিখের সন্ধিক্ষণে। বারাসাতের কলোনি মোড়ে বা চাঁপাডালি মোড়ে এক ও অভিন্ন চিত্র।

এভাবে  চটুলগানে স্বাধীনতা দিবস উদযাপন করতে ভারতবাসী কখনও দেখেছে কিনা সে প্রশ্ন উঠছে। একদিকে যখন দুর্গারা প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে চলেছে, দিকেদিকে সুবিচারের আহ্বান ছড়িয়ে দিতে রাস্তায় হাঁটছে, বৃদ্ধ মা বাবার সঙ্গে হাঁটছে মাঝবয়সী বা তরুণী কন্যা, তখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান চাপা পড়ে যাচ্ছিল লারেলাপ্পা মার্কা হিন্দি গানে । ৭৮ তম স্বাধীনতা দিবস এভাবেই এল বারাসাতে।।

আরও পড়ুন দুর্গাদের রাত দখল ও নতুন ভোরের শপথ

About Post Author