সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্টঃ আরজিকর কাণ্ডের তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। এবার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে রবিবার সাত সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দিল সিবিআই! জানা গিয়েছে, এদিন ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান সাতজনের সিবিআই টিম। তবে দীর্ঘক্ষণ ধরে তাদের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হচ্ছে। বারংবার কলিং বেল বাজালেও, ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। দরজা খোলেননি কেউ। প্রায় দেড় ঘণ্টা বাইরে অপেক্ষা করার পর তারা ভিতরে ঢুকতে পেরেছেন।
আরও পড়ুন আরজিকরের হাসপাতাল লাগোয়া এলাকায় পুলিশি নিষেধাজ্ঞা আরও সাতদিন বাড়ল
সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে ফাইল। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে সিআরপিএফ। এদিকে, আরজিকর কাণ্ডে সন্দীপের নাম প্রকাশ্যে আসার পর নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁর বাড়িতে নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। বেলেঘাটা থানার ওসির নজরদারিতে সন্দীপের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে। সেই পুলিশকর্মীরাও বাড়ির সামনে রয়েছেন। তাঁদের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। রাতে পুলিশ বাড়ির সামনে পাহারায় ছিল কি না, খোঁজ নেওয়া হচ্ছে। অন্যদিকে, এদিন সন্দীপ ঘোষ ছাড়াও আরজিকরের ফরেনসিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোম-সহ একাধিকজনের বাড়িতে হানা দিয়েছে সিবিআইয়ের দল। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পরই পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে। সন্দীপের এই নিয়োগ নিয়ে প্রতিবাদও শুরু হয় নতুন করে। এই বিজ্ঞপ্তি জারির পরেই সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা। এরপর সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। হাসপাতালের অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন অনেকে। স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে। পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ হিসেবে তাঁরা কোনওমতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে। এসবের মাঝেই সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতেই থাকবেন সন্দীপ ঘোষ।
#CBI
#SandeepGhosh
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?