স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অগস্ট: টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গুজরাটে। একাধিক জেলায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন জীবিকা। বরদায় বন্যার কবলে আটকে পড়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রাধা যাদব। অবশেষে দ্রুত প্রচেষ্টায় ভারতীয় স্পিনারকে সফল ভাবে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল বা NDRF।
৩ অক্টবর থেকে শুরু হতে চলেছে মহিলা টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। দলে রয়েছেন ২৪ বছরের বাঁ-হাতি স্পিনার রাধা যাদবও। কিন্তু প্রতিযোগিতা শুরুর ৩৫ দিন আগে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল তাঁকে। বরোদায় অতিবৃষ্টির ফলে বিশ্বামিত্রা নদীর তীর ভেঙে জল প্রবেশ করে নিচু এলাকায়। জলমগ্ন জনজীবন। বহুতলগুলির নিচের তলা প্রায় ডুবে রয়েছে জলে। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে রাধা লিখেছিলেন, “আমরা খুব খারাপ পরিস্থিতিতে আটকে রয়েছি”। পরে খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল তাঁকে ও পরিবারের সদস্যদের দ্রুতই বন্যার কবল থেকে উদ্ধার করে। প্রতিক্রিয়ায় বুধবার রাধা ইনস্টাগ্রামে তাঁর এলাকায় বন্যার একটি পোস্ট শেয়ার করে লেখেন “আমরা খুব খারাপ পরিস্থিতে ছিলাম। আমাদের নিরাপদে সরিয়ে আনার জন্য NDRF কে ধন্যবাদ।”
একদিবাসীয় ক্রিকেটে রাধা মাত্র চারটি ম্যাচ খেললেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০ টি ম্যাচ খেলে ৯০ উইকেট নিয়েছেন। এছাড়াও ভারতীয় মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটাল্সের হয়ে ১৮ টি ম্যাচে মোট ১৪ টি উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন বিরাট ভক্ত এই বাঁহাতি স্পিনার। কার্যত বিশ্বকাপের মঞ্চে রাধার উপস্থিতি দল তথা অধিনায়ক হরমনের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মত ক্রিকেট কর্তাদের।
#Indianwomen’scricketerRadhaYadav
#RadhaYadav
#NDRF


More Stories
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
সেমিফাইনালে গায়ত্রী গোপীচাঁদ
বাবা পারেন নি, গায়ত্রী গোপীচাঁদ কি পারবেন?