সময় কলকাতা ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। তারই মধ্যে আদালতের নির্দেশের পরেও আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের ছবি সমাজমাধ্যমে ব্যবহার করে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে। আরজিকরের নির্যাতিতার ছবি-পরিচয় যাতে কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়, তার জন্য আগেও কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা ডিলিট করে দেওয়ারও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি, বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ
কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও সোশ্যাল মিডিয়ায় এখনও আরজিকরের নির্যাতিতার নাম ও ছবি ছড়াচ্ছে বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতে এবার সিবিআই-র রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট চাওয়া হয়েছে।

এদিকে, বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজিকর মামলা রাখা হয়নি বলেই জানা গিয়েছে। তবে রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, অসুস্থতার কারণেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনেকদিন ধরে কোর্টে আসছেন না। বৃহস্পতিবারও তিনি কোর্টে আসতে পারছেন না। এর আগে বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না। তবে, ওই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র পৃথক ভাবে বেঞ্চ বসাবেন এবং আলাদা করে ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। কিন্তু, ওই বেঞ্চে কোন কোন মামলা শোনা হবে, তার তালিকা পরে প্রকাশিত হবে। আরজিকর মামলা তালিকায় থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#CalcuttaHighCourt


More Stories
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?