Home » রাত পেরিয়ে সকাল! পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা

রাত পেরিয়ে সকাল! পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর:  এবার লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনে। রাত পেরিয়ে সকাল! পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারীদের সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না করা হবে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। এদিন ভোর হতেই জুনিয়র চিকিৎসকরা স্লোগান দিতে থাকেন, ‘ ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে।’ জুনিয়র ডাক্তারদের অবস্থানে এসেছেন সিনিয়রেরাও। পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা। অন্যদিকে, এদিন রাতে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন ‘ তিলোত্তমার’ পরিবার। নির্যাতিতার মা এদিন বলেন, ‘ প্রশাসন তোমাদের কোথায় দাঁড় করিয়েছে?  মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন। আমরা সবথেকে বড় উৎসবের মধ্যেই তো রয়েছি। আমার কাছে এটাই উৎসব।‘
উল্লেখ্য, আরজিকরের  জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন, সেগুলি হল— প্রথমত, আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা।
প্রসঙ্গত, আরজিকর মামলার শুনানিতে মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীও চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন। রাজ্যের তরফে  একাধিকবার জুনিয়র  চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এরপরই শীর্ষ আদালতের নির্দেশকে  অমান্য করে মঙ্গলবার পাঁচ দফা দাবিতে ফের স্বাস্থ্য ভবন অভিযানে নামে জুনিয়র ডাক্তারেরা। পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষ  অধিকর্তা-র ইস্তফা চেয়ে এদিন করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত  অভিযানের চালান তাঁরা। সোমবারই সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, নতুন করে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ চেয়েছেন তাঁরা। এসব দাবি পূরণ না হলে তাঁরা কাজে ফেরার কথা ভাববেন না।

#RGKarProtest     

#RGkarHospital  

#RGKARDoctorDeath     

#Latestbengalinews  

#ChiefJusticeDYChandrachud  

#SupremeCourt 

About Post Author