Home » এখনও চলছে কর্মবিরতি, ফের বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের

এখনও চলছে কর্মবিরতি, ফের বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর আন্দোলনের ৪০ দিন অতিক্রান্ত। কিন্তু, বিচারের দাবিতে এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আরও আলোচনা চান তাঁরা সেই আলোচনা যতক্ষণ না হচ্ছে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ জারি থাকবে কর্মবিরতি। কাজে ফিরতে চেয়ে এবার আরও কয়েক দফা জুড়লেন আন্দোলনকারীরা। আরও এক দফা আলোচনা চাইছেন তাঁরা। এবার আরও কয়েক দফা দাবি নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ফের ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা।

শুধু মুখ্যসচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ‘ আমাদের ইমেল নিয়ে সরকারের তরফে কী উত্তর আসে, তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।’ জুনিয়র চিকিৎসকদের দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সদার্থক আলোচনা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্যসচিবকে এখনও সরানো হয়নি।

উল্লেখ্য, আরজিকরের জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন, সেগুলি হল— প্রথমত, আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা।

আরও পড়ুন   UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে তাণ্ডবে ফুটবল বায়ার্নের, নজির গড়লেন হ্যারি কেন

চতুর্থ ও পঞ্চম দফা দাবি মানা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। একইসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রতি কলেজে দ্রুত ছাত্র নির্বাচন করে ছাত্র সংসদ গঠনের দাবিও তুলেছেন। সরব হয়েছেন প্রতিটি মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন, জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনকে মান্যতা দেওয়ার দাবিতেও। এ নিয়ে ইতিমধ্যে রাজ্যকে একটি ইমেলও করেছেন। এবার রাজ্য সরকার কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

#CMMamataBanerjee #ChiefSecretaryManojPanth  #SwasthaBhavan  #RGkarHospital #RGKARDoctorDeath   

#Latestbengalinews  

About Post Author