Home » মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে ১৭৫ কিমি ‘মানববন্ধনের’ ডাক তৃণমূল মহিলা সংগঠনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে ১৭৫ কিমি ‘মানববন্ধনের’ ডাক তৃণমূল মহিলা সংগঠনের

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বর: ফের নয়া চমক! দুর্গাপুজোর আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে মানববন্ধন করবে তৃণমূলের মহিলা সংগঠন। শারদোৎসবের আর কয়েক দিনই বাকি। তার আগে এই বিরাট কর্মসূচির আয়োজন করছে মহিলা তৃণমূল। শনিবারই তৃণমূল ভবনে অর্থ প্রতিমন্ত্রী তথা মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে যোগদান করেন মহিলা তৃণমূলের জেলা সংগঠনের নেত্রীরা। ওই বৈঠকেই জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে ৩টের মধ্যে রাজ্য জুড়ে হতে চলেছে ১৭৫ কিলোমিটার মানববন্ধন করার কর্মসূচি। ইতিমধ্যে সব জেলার তৃণমূল নেতৃত্বকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন     East Bengal: দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ইস্টবেঙ্গল, কেরালার বিরুদ্ধে অভিষেক হতে পারে আনোয়ারে

শনিবার তৃণমূল ভবনে দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেক জেলায় পাঁচ কিলোমিটার করে মানববন্ধন করতে হবে। পাহাড় থেকে সাগর পর্যন্ত মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধন করতে চায় শাসক দল। এই কর্মসূচিতে যাতে যানচলাচলে কোনও অসুবিধা না হয়, সে বিষয়েও সজাগ দৃষ্টি রেখে চলতে বলা হয়েছে। এই মিছিলের স্লোগান ঠিক হয়েছে, ‘আমার হাত তোমার হাতে/ আমরা সবাই দিদির সাথে’। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন রাজ্যবাসী মুখর তখন ‘উৎসবে ফেরার’ ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদলেছে। কারণ, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি, স্বাস্থ্যভবনের সামনের ধর্ণা ছেড়ে ফের কাজে যোগ দিয়েছেন।

এদিকে, আরজিকর কাণ্ডে সিবিআই কয়েকজনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিকজনকে জিজ্ঞাসাবাদও করছে। তদন্তের একটা গতি দেখা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দিয়েছে শাসক শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের মহিলা নেতৃত্ব আসলে বোঝাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে নারীশক্তির বিকাশ হয়েছে। মহিলাদের ক্ষমতায়ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নারীকেন্দ্রিক একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী, রুপশ্রী, সবুজসাথীর আরও বেশি করে প্রচার করতে চাইছে ঘাসফুল শিবির। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এই মানববন্ধন করার পথে তাঁরা। আর দুর্গা পুজোর আগে এটাই হতে চলেছে তৃণমূলের শেষ কর্মসূচি।

About Post Author