Home » নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বর: ফের নিম্নচাপের ভ্রুকুটি। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জানা গিয়েছে, রবিবার হালকা বৃষ্টিপাত হতে পারে শহরে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন Premier Leagueঃ মসৃণ জয়ে প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুল, গোলশুন্য ড্র ম্যান উইনাইটেড

পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় শনিবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। সেইসঙ্গে নিম্নচাপের জেরে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

#Weatherupdate #Latestbengslinews 

About Post Author