স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর: ফুটবলকে বিদায় জানালেন রাফায়েল ভারান। চলতি মরশুমের শুরুতে ইতালির ক্লাব কোমোতে যোগ দেন বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার। কিন্তু চোটের জন্য নতুন ক্লাবের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল চোটের জন্য অসময়ে ফুটবলকে বিদায় জানাতে পারেন ভারান। অবশেষে সত্যিই ৩২ বছরে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
আরও পড়ুন আরজিকর কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল CBI
নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কী জানিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার? তিনি বলেছেন, “সব ভাল জিনিসের একটা শেষ থাকে। আমার ক্যারিয়ারে আমি অনেক চ্যালেঞ্জ নিয়েছি। আমি ধাপে ধাপে অনেক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে উঠে এসেছি। যা একটা সময় অসাধ্য বলে মনে করা হয়েছিল। অবিশ্বাস্য আবেগ, বিশেষ মুহূর্ত ও স্মৃতি সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে। এই সব মুহূর্তের প্রতিফলন হল, অপরিমেয় গর্ব ও পরিপূর্ণতার একটা অনুভুতি নিয়ে আমি আমাদের প্রিয় খেলা থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করছি।” শেষে তিনি তাঁর সঙ্গে খেলা সব সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি যে সকল ক্লাবের হয়ে খেলেছি তার সমর্থকদের, আমার সতীর্থদের, কোচ এবং স্টাফদের কাছে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ। এই যাত্রাটিকে আমার স্বপ্নের চেয়েও বিশেষ করে তোলার জন্য।”

নিজের শহরের ক্লাব লেন্সের হয়ে পেশাদারী ফুটবল শুরু করেন রাফায়েল ভারান। সেখান থেকে ২০১১ সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালে থাকাকালীন তিনটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় সহ মোট ১৮ টি বড় ট্রফি জেতেন তিনি। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংল্যান্ডের ক্লাবের হয়ে ২০২২-২৩ মরশুমে কারাবাও কাপ ও পরের বছর এফএ কাপ জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু শেষ কয়েক বছর চোটের কারণে বারবার ক্লাব ও জাতীয় দলের হয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন। এবার ফুটবলকে বিদায় জানালেন তিনি।
#RaphaelVarane


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই