Home » উপেক্ষিত বোরহাই নায়ক, আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

উপেক্ষিত বোরহাই নায়ক, আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: দুঃস্বপ্ন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলকে। এ বারের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে হারের হ্যাটট্রিক করল তারা। শুক্রবার যুবভারতীতে এফসি গোয়ার কাছে ২-৩ গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড। গোয়ার দলের হয়ে হ্যাটট্রিক করলেন গত মরশুমে ইস্টবেঙ্গললে খেলে যাওয়া বোরহা হেরেরা। ম্যাচ হারার পর ঘরের মাঠে সমর্থকদের কাছে গো ব্যাক স্লোগান শুনতে হল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে।  

আরও পড়ুন        WBTC থেকে আলাদা হয়ে পরিষেবা বহাল রাখবে CTC, কলকাতার রাস্তায় বন্ধ হচ্ছে না ট্রাম?

পরপর দুই ম্যাচ হেরে এ বারের আইএসএল অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। তৃতীয় ম্যাচে উত্তরণের সন্ধানে ছিল তারা। এ বারের আইএসএলের ঘরের মাঠে প্রথম ম্যাচে জিততে মরিয়া ছিল লাল হলুদ ব্রিগেড। দলে চোট সমস্যা রয়েছে। খারাপ পারফরম্যান্সের জন্য প্রভসুখন গিলের পরিবর্তে বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে প্রথম একাদশে রাখেন কুয়াদ্রাত। রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে শুরু করেন আনোয়ার। মোহনবাগান থেকে যোগ দেওয়া হেক্টর ইউৎসাকে ব্যবহার করেন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে। সাইড ব্যাকে শুরু করেন সৌভিক চক্রবর্তী। কিন্তু রক্ষণ নিয়ে কুয়াদ্রাতের পরীক্ষা নিরীক্ষা সফল হল না। ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিটের মধ্যে জোড়া গোল হজম করতে হল সেই রক্ষণের ভুলেই। দুটি গোলই করলেন গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বোরহা হেরেরা। ১৩ মিনিটের মাথায় ড্রাকিচের নেওয়া নিচু ক্রস কোনওমতে বাইরে পাঠিয়ে দেন দেবজিৎ। সেই বলে শট নেন বক্সের মধ্যে অরক্ষিত থাকা বোরহা। দ্বিতীয়বার আর কিছুই করার ছিল না ‘সেভ-জিতের’। ২০ মিনিটের মাথায় হিজাজী মাহেরকে পরাস্ত করে পাস বাড়ান বরিস। সেই পাস থেকে দ্বিতীয় গোল করেন বোরহা। দ্বিতীয় গোল হজমের পর কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। বেশ কয়েকবার দুই প্রান্ত ধরে আক্রমণ ওঠে। সেরকমই একটি আক্রমণের সময় বক্সের মধ্যে মাদিহ তালালকে ফাউল করে বসেন গোয়ার ডিফেন্ডার নিম দোরজি। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান তালাল। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

ইতিহাস বলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল নাকি ভয়ঙ্কর। দ্বিতীয়ার্ধে মশালের সেই তেজের অপেক্ষায় ছিল সমর্থকরা। কিন্তু কোথায় কী! বরং ব্যবধান বাড়ানোর খুব কাছে বারবার পৌঁছে যাচ্ছিলেন মানোলো মারকুইজের ছেলেরা। ৭১ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েন বোরহা। তারপর বাঁ পায়ের শটে পরাস্ত করেন দেবজিৎকে। হ্যাটট্রিকের পরও এ দিন উচ্ছ্বাস করতে দেখা যায়নি স্প্যানিশ এই মিডফিল্ডারকে। তৃতীয় গোলের পর প্রাক্তন ফুটবলারকে হাততালিতে ভরিয়ে দিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। ৮১ মিনিটে ম্যাকহিউ লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে হয়ে যায় গোয়া। সেই সুযোগ নিয়ে ৮৪ মিনিটে আরও একটি গোল শোধ করে ইস্টবেঙ্গল। ফিরতি বলে গোল করেন ডেভিড। শেষের কয়েক মিনিট সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় কুয়াদ্রাতের শিষ্যদের।

#IndianSuperLeague #EastBengal #FCGoa #ISL #BorjaHerrera #CarlesCuadrat

About Post Author