সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই প্রকাশিত হল দুর্গা পুজোর গাইড ম্যাপ। দ্বিতীয়ায় গাইড ম্যাপ প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুজোর সময় শহরের রাস্তায় মানুষের ঢল নামে। মাঝেমধ্যেই সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এগিয়ে এল কলকাতা পুলিশ।

দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। শুক্রবার অর্থাৎ দ্বিতীয়াতেই পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। একদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে নাগরিক সমাজ। অনেকের মতে স্বাধীনতার পর এ রকম আন্দোলন দেখেনি মিছিলের শহর। নাগরিক সমাজের একাংশের পক্ষ থেকে এ বারের উৎসবে সামিল না হওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, উৎসবে ফেরার ডাক দিয়েছেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিভিন্ন পুজোর প্যান্ডেল উদ্বোধন করে ফেলেছেন তিনি। তিলোত্তমাবাসীদের একাংশ যে উৎসবে গা ভাসাবেন এই নিয়ে কোনও সন্দেহ নেই। মহালয়ার পর থেকে কলকাতার নামী প্যান্ডেলগুলিতে মানুষের ঢল অন্তত সেই কথাই বলছে। পুজোর সময় শহরে গন্ডগোল এড়াতে তৎপর কলকাতা পুলিশ। সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ঠাকুর দেখার ব্যবস্থা করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানিয়েছেন, কোনও অসুবিধা হলে হেল্পলাইনে ফোন করে সাহায্য চাওয়া যাবে। ট্র্যাফিক-সহ সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ BANSDRONI: বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গাড়ির চালক ও মালিক
গোটা বিশ্বের অন্যতম বড় উৎসব দুর্গাপুজো। ২০২১ সালে যা ইউনেস্কোর স্বীকৃতি পায়। কলকাতার দুর্গাপুজো দেখতে দেশ-বিদেশ থেকে ভিড় জমান অনেকে। ভিড় এড়িয়ে শান্তিপূর্ণভাবে দর্শনার্থীরা যাতে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখতে পারেন তারজন্য দ্বিতীয়াতেই পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ। এ বছর গোটা কলকাতা শহরে ২ হাজার ৯০৫টি পুজো হচ্ছে। তার মধ্যে জনপ্রিয় পুজো রয়েছে ২৫৮টি। যেখানে প্রতিবার মানুষের ঢল দেখা যায়। জানা গিয়েছে, ট্র্যাফিকে ১৮ জন এসিপি, ১০৪ জন ইন্সপেক্টর, ৫৫০ সার্জেন্ট সাব ইন্সপেক্টর ও তিন হাজার ৬০০ ট্র্যাফিক কনস্টেবল থাকবেন । পাশাপাশি ডিজিটাল গাইড ম্যাপের ব্যবস্থাও রাখা হচ্ছে। ট্র্যাফিক গাইড লাইনে হেল্প লাইন নম্বর দেওয়া থাকবে। দ্বিতীয়াতেই গাইড ম্যাপ উদ্বোধন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ডিজিটাল মাধ্যমে এই গাইড ম্যাপ আপলোড করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। বাচ্চাদের জন্য থাকবে চিলড্রেন্স আইডি ব্যাজ। দূরদূরান্ত থেকে কলকাতা শহরে আসা দর্শনার্থীদের কোনো বাচ্চা যদি ভিড়ের মধ্যে হারিয়ে যায় তাহলে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে যোগাযোগ করলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব হবে। কলকাতা পুলিশ কীভাবে কাজ করে, কোথায় কত সংখ্যক পুলিশ থাকবেন তার সমস্ত কিছুই অ্যানুয়াল রিভিউ বুলেটিনে জানা যাবে।


More Stories
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস