সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৬ অক্টোবরঃ ২০২৪ আইএসএল যেন ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইস্টবেঙ্গলের। অন্যদিকে জয়ের স্রোতে ফিরেছে মোহনবাগান । কলকাতার দুই প্রধানের আইএসএল যাত্রা সম্পূর্ণ ভিন্ন মুখী হয়ে দাঁড়িয়েছে। ডার্বির আগে নিজেদের অনেকটাই ঝালিয়ে নিয়েছে সবুজ মেরুন, সেই তুলনায় ১৯ অক্টোবর কতটা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারবে লাল হলুদ, তা নিয়ে চিন্তায় সমর্থকেরা। ভারতের ফুটবল ইতিহাসে সেরা ডার্বি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ক্রিকেটে ভারত-পাকিস্তানের মত দুই প্রধানের কলকাতা ডার্বিতেও চাপ কোনও অংশে কম থাকে না।

শনিবার খেলা ছিল উভয় দলের। জামশেদপুরের সঙ্গে ম্যাচে দুই গোলে হেরে আইএসএলে এখনও জয়ের মুখ দেখতে পায়নি না ইস্টবেঙ্গল। সবকটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে বিনো জর্জের দল। অন্যদিকে, ইস্টবেঙ্গলের হারের রাতেই মিনি ডার্বিতে মহামেডানকে উড়িয়ে দিয়ে লিগের দ্বিতীয় জয় পেয়েছে মোহনবাগান। চারটি ম্যাচের মধ্যে দুটি জয়, একটি ড্র ও একটি হেরে এখন তাদের পয়েন্ট সংখ্যা ৭। শনিবারের ম্যাচের আগে পর্যন্ত টেবিলের দশম স্থানে ছিল সবুজ-মেরুন। কাল জিতে একলাফে চতুর্থ স্থান অধিকার করেছে কোচ মলিনার দল।
আরও পড়ুনঃ Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা, কতটা শক্তিশালী দল গড়ল বাংলা
চতুর্থ ম্যাচে যুবভারতীতে মহামেডানদের কার্যত কফিন বন্দি করে দেয় মোহনবাগান। খেলা শুরুর প্রথম আট মিনিটেই বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। এরপর বিপক্ষকে সমতা ফেরানোর সুযোগটুকু দেয়নি অধিনায়িক। স্টুয়ার্টের ফ্রিকিকে ভাসানো বল দুর্দান্ত হেডে মহামেডানের জালে জড়িয়ে দিয়ে ৩১ মিনিটে ব্যবধান বাড়ায় শুভাশিস। হ্যাট্রিক গোলটি আসে ৩৬ মিনিটে। ফাঁকা বক্সে ঢুকে শুভাসিসের লম্বা পাস থেকে বল নিয়ে গোল করেন স্টুয়ার্ট। তাঁকে যেন সেই গোলটি উপহার দিলেন বিপক্ষের ডিফেন্ডাররা। চূড়ান্ত খারাপ রক্ষণই কাল শুরু থেকেই ব্যাকফুটে রেখেছিল মহামেডানকে। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় মোহনবাগান। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আর কোনও গোল আসেনি দু’দলের কারও পা থেকেই। নির্ধারিত সময়ের শেষে একতরফা জয়লাভ করে মোহনবাগান।
আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে তিন গোলে হারার পর থেকেই কোচ বদলের রব উঠেছিল সবুজ-মেরুন শিবিরেও। তবে এদিন মলিনা বুঝিয়ে দিলেন তাঁর কাছে যা অস্ত্র আছে, তা দিয়ে চাইলেই কেটে ছিন্নভিন্ন করে দিতে পারেন যেকোনও প্রতিপক্ষকে। শনিবার জামশেদপুর এফসির কাছে হেরে গেলেও আগের ম্যাচেগুলোর তুলনায় ভালো ফুটবল খেলেছে ক্লেটন সিলভারা। এখন অপেক্ষা ডার্বির। তবে শেষ ম্যাচ যেভাবে প্রত্যাবর্তন করেছে সবুজ-মেরুন, তাতে আত্মবিশ্বাসে এক কদম এগিয়ে থাকছে তাঁরাই।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক