সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবরঃ আইন শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ লালবাজারের । আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতর উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল কলকাতা পুলিশ। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওইসব এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলেই বিবৃতি দিয়ে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত করতে পারবে না। আগামী ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে আরজি কর সংলগ্ন জায়গায় পাঁচ জন বা তার বেশি মানুষ একত্রিত হতে পারবেন না।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার কয়েকটি রাস্তাতেও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিবৃতিতে সেটাও উল্লেখ করা হয়েছে। এই ১৬৩ ধারা লাগু করা নিয়ে অবশ্য মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল রাজ্য, পুলিশ। রানি রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের দ্রোহের কার্নিভাল আটকাতে এই ধারা লাগু করা হয়েছিল। তবে আদালত তা খারিজ করে কার্নিভালের অনুমতি দেয়।
আরও পড়ুনঃ Amit Shah: চব্বিশেই নজর ছাব্বিশে! কালী পুজোর আগেই বাংলায় অমিত শাহ
আরজি কর হাসপাতালের মহিলা চিতকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। গত ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর কলকাতার শ্যামবাজার চত্বর। এমনকি আরজি করের ভিতরেও তাণ্ডব চালানো হয়। তারপর থেকেই ওই এলাকায় জমায়েতের উপর বারবার নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পাশাপাশি বেআইনি জমায়েত রুখতে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। আর এ বার আরজি কর হাসপাতালের আশপাশের এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল।


More Stories
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন