সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবরঃ লক্ষ্মী পুজো বুধবার নাকি বৃহস্পতিবার? এই প্রশ্ন ঘোরা ফেরা করছে অনেকের মনে। শাস্ত্র মতে বুধবার রাতেই পুজোর শুভ ক্ষণ শুরু হবে। আর বৃহস্পতিবার ঘরে ঘরে হবে মা লক্ষ্মীর আরাধনা। সাধ্যমত ভোগ ও প্রসাদ দিয়ে দেবীকে ঘরে আহ্বান জানাবেন সকলে। কিন্তু দেবী আরাধনায় ভোগের সবজি, তরকারি থেকে প্রসাদের ফল কিনতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তারসঙ্গে তরতরিয়ে বেড়েছে দেবী প্রতিমার দামও।

উমা পাড়ি দিয়েছেন কৈলাসে। এবার লক্ষ্মী পুজো । প্রায় প্রতিটি গৃহস্থের বাড়িতে সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবীর আরাধনা করে থাকেন। দুর্গা পুজোর কদিন বৃষ্টি না হলেও, বুধবার লক্ষ্মী পুজোর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কিন্তু গৃহলক্ষ্মীকে খুশি করতে তাতেও থেমে নেই গৃহস্থরা। সকাল থেকেই ছাতা মাথায় দিয়ে ক্রেতারা বেরিয়েছেন পুজোর বাজার করতে।
একদিকে যেমন আকাশের মুখভার, অন্যদিকে ফলের বাজারেও আগুন। পুজোর ফল কিনতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। আপেল, নাশপাতি শশা, বেদানা, আঙুর হোক, বা বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পটল, বিনস, কুমড়ো সবকিছুর দাম প্রায় আকাশছোঁয়া। শুধু তাই নয় বেড়েছে লক্ষ্মী প্রতিমার দামও। ফলে কোজাগরীর আরাধনার জোগাড় করতে গিয়ে পকেট ফাঁকা আমগেরস্তের। কারও বাড়িতে আজ রাতেই, কারও বাড়িতে আবার বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপুজো। দেবীকে ফল, মিষ্টি, আনাজ-সহ নৈবেদ্য সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে ঘরে ঘরে। কিন্তু পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত নাভিশ্বাস বের হওয়ার অবস্থা মধ্যবিত্ত বাঙালির।
মূল্যবৃদ্ধি-র বাজারে ক্রেতারা যেমন অসুবিধায় পড়েছেন, তেমনি অসুবিধায় পড়েছেন বিক্রেতারাও। অধিকাংশ বাঙালির বাড়িতেই লক্ষ্মীপুজো হয়। নিজেদের সাধ্য মতো কম-বেশি সকলেই এই পুজোর আয়োজন করেন। কিন্তু নানাবিধ কারণে এবার সবকিছুর দাম একটু যেন বেশিই। দশকর্মার দোকানেও পকেট হালকা হচ্ছে সাধারণ মানুষের। ফলে ধনলক্ষ্মীর ব্রত পালন করতে গিয়ে মধ্যবিত্তের ভাঁড়ে মা ভবানী হওয়ার জোগাড়।
একনজরে দেখে নেওয়া যাক খোলা বাজারে ফল ও সবজির দামঃ
আপেল ২০০ টাকা/কেজি
বেদানা ২৫০-৩০০/কেজি
নাশপাতি ১৫০-২০০/কেজি
পেয়ারা ও শশা ৬০-৮০/কেজি
শাঁখ আলু ১০০ টাকা/কেজি
পানিফল ৬০-৮০/কেজি
বাতাবি লেবু ২৫-৩০ টাকা/কেজি
নারকেল ৫০-৬০ টাকা/ পিস
আনারসের ১০০ টাকা/পিস
বড় আকারের আখের দাম ২০-২৫ টাকা
কাঁঠালি কলা ৬০-১০০ টাকা/ডজন
ধানের শিষ ১০-২০ টাকা/পিস
শিষ ডাব ৪০-৬০ টাকা/ পিস
উচ্ছে 60 টাকা/ কেজি
পেঁপে ৬০ টাকা/ কেজি
গাজর ৫০ টাকা/ কেজি
বিমস ও ক্যাপসিকাম ২০০ টাকা/ কেজি
জ্যোতি আলু ৩২-৩৪ টাকা/ কেজি
চন্দ্রমুখী আলু ৪০-৪২ টাকা কেজি
কাঁচা লঙ্কা ১৫০-২০০ টাকা কেজি
সাদা মূলা ৮০ টাকা কেজি
আরও পড়ুনঃ RG Kar Medical College: আইনশৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ, ৫ জনের বেশি জমায়েতে ‘না’ লালবাজারের
এছাড়াও রয়েছে প্রতিমার দাম। দেড় থেকে দুই ফুট উচ্চতার প্রতিমার দাম প্রায় ১০০০ টাকা। অগ্নিমূল্যের জেরে ব্যবসা অনেক কম হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সকাল থেকেই শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। তারমধ্যেই চলছে বিকিকিনি। আকাশছোঁয়া দাম আর বৃষ্টি উপেক্ষা করেই মা লক্ষ্মীর আরধনাতে খামতি রাখতে চাইছেনা না গৃহ-কর্তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি