সময় কলকাত ডেস্ক. ২৬ অক্টোবরঃ শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। তবে ‘দানা’র আশঙ্কা কাটতেই বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত। শুক্রবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টিতে বহু চাষের জমি চলে গিয়েছে জলের তলায়। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা। মাথায় হাত কৃষকদের । তাঁদের কথায়, এই অতিরিক্ত বৃষ্টিপাত ধান এবং শীতকালীন ফসলে প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার রাতে ওড়িশার স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘দানা’ । শুক্রবার সকালে হয় ‘ল্যান্ডফল’। উপকূলে ঝড়ের দাপট থাকলেও দক্ষিণবঙ্গে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি ‘দানা’। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিই চিন্তায় ফেলেছে কৃষকদের। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনায় চাষের ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা।
পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে জমিতে। গত মাসেই ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই জেলায়। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার বৃষ্টি। বাংলা-ওড়িশার সীমানা লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা সবচেয়ে বেশি চিন্তা ধান চাষ নিয়ে। পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্তেও একই ছবি। জল জমেছে ধানের জমিতে। ফসল নষ্ট হলে ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত কৃষকদের ।
পুজোর আগে রাজ্যে দেখা গিয়েছিল বন্যা পরিস্থিতি। তখন হুগলির আরামবাগ মহকুমায় বেশির ভাগ ধানের জমি ও সব্জীর ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। সেই ক্ষতি সামলে উঠতে না উঠতেই, আবার বৃষ্টিতে চাপে পড়ে গিয়েছেন কৃষকেরা। লাগাতার বৃষ্টিতে ধান এবং সব্জীর জমিতে জল জমতে শুরু করেছে। বেশ কিছু জমিতে ফলন্ত ধানও জলের তলায়। যে ধানে পাক ধরেছে, সেই ধান জলে ডুবে থাকলে ক্ষতির আশঙ্কা।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাটেও অনেক চাষের জমি রয়েছে। যেখানেও অধিকাংশ চাষের জমিতে জল জমেছে। বৃষ্টি না কমলে, জলের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে। ফলে শীতকালীন ফসলের চাষ ক্ষতির মুখে পড়েছে।
দুর্যোগে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় বেশ কিছু কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বেশ কয়েকটি কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। ঘরছাড়া এলাকার বাসিন্দারা। এ সবের পাশাপাশি, কৃষিজমিতে জল জমে মাথায় হাত কৃষকদেরও। শুধু ফসল নয়, অতিবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ফুল এবং মাছ চাষও।


More Stories
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়