সম্রাট চট্টোপাধ্যায়, সময় কলকাতা, ১২ নভেম্বরঃ স্কুল ক্রিকেটকে বলা হয় পেশাদারী ক্রিকেটের আঁতুড়ঘর। একটা সময় স্কুল ক্রিকেটের মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরের মত ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররা। পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটকেও শাসন করেছেন তাঁরা। স্কুল ক্রিকেটকে তাই বিশেষজ্ঞরা তৃণমূল স্তর থেকে প্রতিভা অন্বেষণের সেরা মাধ্যম বলে মনে করেন। বিগত কয়েক বছর ধরে স্কুল ক্রিকেটের উপর বিশেষ জোর দিয়েছে সিএবি। কলকাতা নাইট রাইডার্সের সহায়তায় কলকাতা পুরনিগমের সঙ্গে যৌথভাবে প্রতিবছর আয়োজন করা হয় মেয়র কাপ। সেখানে কলকাতার একাধিক স্কুলে অংশগ্রহণ করে থাকে। মঙ্গলবার থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হল মেয়র কাপ ২০২৪-২৫।

রাজ্যের মোট ৬৪ টি স্কুল মেয়র কাপে অংশ নিতে চলেছে। সব দলের অধিনায়করা ইডেনে উপস্থিত ছিল। মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁরা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, স্কুল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস, সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাস-সহ অন্যান্য কর্মকর্তারা। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমানিশ ভট্টাচার্য।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমি মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে ভারত ও বাংলার পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা উঠে আসবে। এই টুর্নামেন্ট থেকে আমরা অনূর্ধ্ব-১৩ খেলোয়াড়দের একটি দলকে বাছাই করেছিলাম। তারা একটি ভিশন ক্যাম্পে অংশ নিয়েছিল। এই টুর্নামেন্টের কারণে অনেক প্রতিভা উঠে এসেছে। আশা করি এ বছরও এটি সফল হবে।” প্রতিযোগিতা আয়োজনে সহায়তার জন্য একযোগে কলকাতা পুরনিগম ও কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানিয়েছেন। একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমারের গলায়। তিনি বলেছেন, “আমার আশা এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের জন্য আরও বেশি সংখ্যক ক্রিকেটার উঠে আসবে। আমি সব ম্যাচের সাফল্য কামনা করি।”
আরও পড়ুনঃ Mohammad Shami: বাইশ গজে প্রত্যাবর্তন করছেন শামি, কোথায় খেলতে দেখা যাবে ভারতের তারকা পেসারকে
আরও পড়ুনঃ Afghanistan vs Bangladesh: গুরবাজের শতরান, তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হল বাংলাদেশকে
রাজ্যের মোট ৬৪ টি স্কুল দল এ বারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। মোট আটটি গ্রুপে ভাগ করে খেলা হলে। প্রত্যেক গ্রুপে থাকবে মোট চারটি করে দল। শহরের বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিন ধরে মোট ১১১ টি ম্যাচ আয়োজিত হবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার