স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বরঃ পারথ টেস্ট জিতে বর্ডার গাভাস্কার সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু সেই ব্যবধান ধরে রাখা কঠিন হয়ে গেল রোহিত শর্মাদের কাছে। অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ২৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। হাতে রয়েছে পাঁচ উইকেট।

শুক্রবার দিনের শেষে ১ উইকেটে ৮৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। পিচে ছিলেন নাথান ম্যাকসুইনি ও মার্নাস লাবুশানে। শনিবার দিনের শুরুতেই ম্যাকসুইনিকে ফিরিয়ে অজি শিবিরে জোর ধাক্কা দেন যশপ্রীত বুমরা। চার ওভার পর স্টিভ স্মিথকেও ফিরিয়ে দেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। চাপে পড়ে যায় আয়োজকরা। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারল না ভারত। যে পিচে প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে চাপে পড়েছিলেন রোহিত-বিরাটরা। সেই পিচেই দাপিয়ে ব্যাট করলেন ট্রাভিস হেড। মূলত তাঁর ১৪১ বলে ১৪০ রানের ইনিংস ভারতীয় বোলারদের কাজটা আরও কঠিন করে দেয়। ১৭ টি চার ও ৪ টি ছয় মারেন অস্ট্রেলিয়ার একদিনের বিশ্বকাপ জয়ের নায়ক। তার আগে ৬৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন লাবুশানে। ফলে ভারতের থেকে প্রথম ইনিংসে অনেকটাই এগিয়ে যায় ব্যাগি গ্রিনরা। শেষের দিকে অ্যালেক্স ক্যারি (১৫), প্যাট কামিন্স (১২) ও মিচেল স্টার্কের (১৮) সৌজন্যে ৩৩৭ রান তোলে অস্ট্রেলিয়া। যদিও তাদের অনেক কম রানে বেঁধে ফেলার সুযোগ ছিল রোহিতদের কাছে। কিন্তু একাধিক ক্যাচ ও ফিল্ডিং ফস্কে সেই সুযোগকে হাতছাড়া করলেন তাঁরা। ম্যাচের মধ্যে চোট পান বুমরা। ফলে প্রথম কয়েক ওভার বল করিয়ে তাঁকে বল করাতে পারলেন না ভারত অধিনায়ক। দলের একমাত্র অভিজ্ঞ স্পিনার অশ্বিনকে ব্যবহার করলেন অনেকটা পরে। সেই সুযোগকে পুরোদমে কাজে লাগাল অজিরা। ভারতের হয়ে চারটি করে উইকেট নিলেন যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। হেডকে ফিরিয়ে তাঁর সঙ্গে বাদানুবাদে জড়াতে দেখা গেল সিরাজকে। একটি করে উইকেট নিলেন নীতিশ কুমার রেড্ডি ও রবিচন্দ্র অশ্বিন।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo: গোল করলেন রোনাল্ডো, বেঞ্জেমার দলের বিরুদ্ধে তবুও হার আল নাসেরের
১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথমেই দরকার ছিল বড় রানের একটা ওপেনিং জুটি। কিন্তু প্যাট কামিন্সের লেগ স্টাম্পের বাইরের বল অহেতুক খোঁচা দিয়ে আউট হলেন কেএল রাহুল। অন্য ওপেনার যশস্বী প্রথম ইনিংসে গোল্ডেন ডাক হলেও, দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেন। তিনিও ২৪ রানের মাথায় বোল্যান্ডের বলে খোঁচা দিয়েই ফিরলেন। ধরে খেলার চেষ্টা করেছিলেন শুভমন গিল (২৮)। তবে তাঁকে এক দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। ক্রিকেটের পরিভাষায় যাকে বলা হয় আনপ্লেয়েবল ডেলিভারি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। বড় রানের জুটির জন্য দর্শকরা নির্ভর করে ছিল দলের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট রোহলি ও রোহিত শর্মার দিকে। কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না তাঁরা। ১১ রানে কোহলিকে আউট করেন স্কট বোল্যান্ড। আর ভারত অধিনায়ককে ৬ রানে সাজঘরে ফেরান অজি অধিনায়ক। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ভারত। পিচে রয়েছেন ঋষভ পন্থ (২৮) ও নীতিশ কুমার রেড্ডি (১৫)। রবিবার এই জুটির দিকে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। ভারতের পরিণত ব্যাটাররা যা করতে পারেননি, সেই বড় রানের জুটি যদি তাঁরা করে দেন তা হলে দ্বিতীয় ইনিংসে আয়োজকদের কড়া টক্কর দিতে পারবে ভরত। না হলে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার সিরিজে সমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার