Home » Cristiano Ronaldo: গোল করলেন রোনাল্ডো, বেঞ্জেমার দলের বিরুদ্ধে তবুও হার আল নাসেরের

Cristiano Ronaldo: গোল করলেন রোনাল্ডো, বেঞ্জেমার দলের বিরুদ্ধে তবুও হার আল নাসেরের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ নভেম্বরঃ দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব আল নাসেরের হয়ে আবার গোল করলেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল ইতিহাদের বিরুদ্ধে গোল করলেন তিনি। কিন্তু তাঁর দল হেরে গেল ১-২ গোলে। ইতিহাদের হয়ে গোল করলেন করিম বেঞ্জেমা ও স্টিভেন বার্গউইন।

একটা সময় রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জেমা। প্রায় ন’বছর একসঙ্গে খেলে স্পেনের দলকে অনেক ট্রফি দিয়েছেন। তবে বর্তমানে একই লিগের দুই ভিন্ন ক্লাবে খেলেন দুজনে। আল নাসেরের হয়ে খেলছেন রোনাল্ডো। আর বেঞ্জেমা রয়েছেন আল ইতিহাদে। বৃহস্পতিবার লিগে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে দুই প্রাক্তন সতীর্থ গোলও পেলেন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ইতিহাদকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তবে জবাব দিতে সময় নেননি ক্রিশ্চিয়ানো। তিন মিনিটের মধ্যেই তিনি গোল শোধ করেন।

আরও পড়ুনঃ Mohammedan Sporting Club: পঞ্জাবের বিরুদ্ধে হেরে দলের রোগ ধরলেন চের্নিশভ, কোথায় সমস্যা মহামেডানের?

আরও পড়ুনঃ U19 Asia Cup 2024: বৈভবে দাপুটে ব্যাটিং, ছোটদের এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

আরও পড়ুনঃ Optical Illusion: ৫ শতাংশ পাঠক পেরেছেন নিচের ছবি দুটি থেকে মাত্র ৩৫ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে বের করতে, আপনি তাঁদের মধ্যে একজন?

তারপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমিয়ে ওঠে। একাধিক গোলের সুযোগ তৈরি করে দুটি দল। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ১-১। একটা সময় সবাই ধরেই নিয়েছিল এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।কিন্তু সংযুক্ত সময়ে গোল করে ইতিহাদকে এগিয়ে দেন স্টিভেন বার্গউইন। তারপর আর গোলশোধের সময় পায়নি রোনাল্ডোর দল। শেষ পর্যন্ত প্রাক্তন সতীর্থের দলের কাছে ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাঁদের।

About Post Author