Home » UEFA Europa League: জোড়া গোল হইল্যান্ডের, ইউরোপা লিগে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেডের

UEFA Europa League: জোড়া গোল হইল্যান্ডের, ইউরোপা লিগে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ ডিসেম্বরঃ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে জোড়া হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে তারা হারিয়ে দিল চেক ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনকে । গোলরক্ষক আন্দ্রে ওনানার মারাত্মক ভুলে পিছিয়ে পড়েছিল রেড ডেভিলরা। সেখান থেকে জোড়া গোল করে দলকে জেতান রাশমুস হইল্যান্ড।

প্লাজেনের দুসান পার্কে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য। দু’দলের কোনও দলই বিশেষ সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই যদিও গোল হজম করতে হয় ইউনাইটেডকে। গোলরক্ষক ওনানার সতীর্থকে বাড়ানো পাস ধরে নেন বিপক্ষের ফুটবলার পাভেল সুলক। তারপর পিছন থেকে আগুয়ান সতীর্থের উদ্দেশ্যে বল সাজিয়ে দেন তিনি। গোল করে ভিক্টোরিয়া প্লাজেনকে এগিয়ে দেন মাতেজ ভিদ্রা। গোল হজম করে প্রথম দলে বেশ কয়েকটি পরিবর্তন করেন ইউনাইটেড কোচ আমোরিম। প্রথমার্ধে প্রায় অকেজো ছিলেন মার্কোস রাশফোর্ড। তাঁর পরিবর্তে নামিয়ে দেন হইল্যান্ডকে। অ্যান্টনি ও ম্যাসন মাউন্টকেও পরিবর্ত হিসেবে নামিয়ে দিতেই আক্রমণে বৈচিত্র বাড়ে ইংল্যান্ডের ক্লাবের। মাঠে নামার ছয় মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান হইল্যান্ড। দিয়োলোর শট প্লাজেন গোলরক্ষকের হাতে লেগে ফিরতেই, ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন ডেনমার্কের ফরোয়ার্ড। প্রথম গোলে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পায় ইউনাইটেড ফুটবলাররা। তারপর প্রতি আক্রমণে বিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে থাকেন ব্রুনো ফার্নান্ডেজরা। ৭৬ মিনিটে প্লাজেনের গোলরক্ষককে একা পেয়েও বল জালে ঠেলতে পারেননি মাউন্ট। ৮৮ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ১-১। মাঠে উপস্থিত সমর্থকেরাও প্রায় ধরে নিয়েছিলেন ম্যাচের নিষ্পত্তি হবে না। সেই সময় ফের পরিত্রাতা হয়ে ওঠেন হইল্যান্ড। ব্রুনো ফার্নান্ডেজের বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক ধরে বাঁ-পায়ের শটে নিজের দ্বিতীয় গোল ও দলের জয় নিশ্চিত করেন ডেনিশ স্ট্রাইকার।

আরও পড়ুনঃ Zimbabwe vs Afghanistan: নবীনের ভুলে পাঁচ বছর পর রাজাদের কাছে টি-টোয়েন্টি ম্যাচে হার আফগানদের

ইউরোপা লিগে এই মরশুমে অপরাজিত তকমা ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। ৬ ম্যাচে ৩ টি জয় ও ৩ টি ড্র করেছে তারা। ১২ পয়েন্ট পেয়ে উঠে এসেছে লিগ তালিকার সপ্তম স্থানে। নতুন লিগের নিয়মানুসারে প্রথম আট দল সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে। বাকি ষোলো দলের বধ্যে হবে প্লে-অফ। সেখান থেকে আট দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বর্তমানে যা পরিস্থিতি তাতে সরাসরি পরের রাউন্ডের পথে এক কদম বাড়িয়ে রাখলেন ব্রুনোরা।

     

About Post Author