সময় কলকাতা ডেস্ক:- শিয়ালদহ সুরেন্দ্র নাথ কলেজের আশেপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল দুষ্কৃতীরা। গোপন সূত্র মারফত খোঁজ পেয়েই তল্লাশি অভিযানে নেমে পড়ে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। সেখানেই উদ্ধার হয় অস্ত্র। রাতেই শিয়ালদহ সুরেন্দ্র নাথ কলেজের কাছে অস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। এমজি রোডের অটো স্ট্যান্ডের কাছ থেকে গ্রেফতার করা হয় সেই দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শিবশঙ্কর যাদব, রমেশ যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত ও রুকেশ সাহানি। প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই এই পাঁচ জনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম সেমি অটোমেটিক এবং একটি সিঙ্গল শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫ রাউন্ট তাজা কার্তুজও মিলেছে।
কোন উদ্দেশ্যেই বা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা? আর উত্তরপ্রদেশ থেকে কোন কার্যসিদ্ধিতে বাংলায় এসেছিল এই দুষ্কৃতী দল? প্রশ্ন একাধিক কিন্তু উত্তর আপাতত অধরা। ইতিমধ্যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, দায়ের হয়েছে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, একেবারে সাদামাটা জামা কাপড় পরে এমজি রোডের ওই অটো স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে ছিলেন এই পাঁচ জন। দেখে নাকি বোঝাই সম্ভব নয়, তাদের ব্যাগের মধ্যে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তাদের আরও দাবি, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সেই দুষ্কৃতীদের হঠাৎ করে ঘিরে ফেলে পুলিশ। তাদের ব্যাগ বাজেয়াপ্ত করে বন্দুক উদ্ধার করে তারা। গত নভেম্বর মাসেও শিয়ালদহ চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড বুলেট উদ্ধার করেছিল কলকাতা পুলিশ।
সেই সময় প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, অভিযানে ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা ইসমাইল থাকত শিয়ালদহের রাজাবাজারে। অভিযুক্ত ইসমাইল আসলে একজন ক্রেতা। কলকাতায় এই অস্ত্র আনা হয়েছিল বিহারের মুঙ্গের থেকে। আগাম চুক্তি অনুযায়ী বৈঠকখানা রোডে ইসমাইলের সঙ্গে অস্ত্রের লেনদেন করে। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ইসমাইলকে গ্রেপ্তার করা হলেও অস্ত্র বিক্রেতা পলাতক ছিল। এবারও সেই বৈঠকখানা রোডেই অভিযান চলল। সেখানেই মিলল অস্ত্রের হদিশ।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !