সময় কলকাতা ডেস্ক:- উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পর এবার চোপড়া। ফের পুলিশের হাত থেকে ‘ছিনতাই’ অভিযুক্ত। বাধা পেতেই ফের পুলিশের উর্দিতে হাত, ধস্তাধস্তি। অভিযোগ, পুলিশের গাড়ি আটকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যান এলাকার লোকজন। এই ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ছিনতাই হওয়া অভিযুক্তের নাম মজিবুর রহমান। শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন চোপড়া থানার আইসি সুরজ থাপাও। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
মাস দেড়েক আগের ঘটনা। পুলিশকে গুলি করে পালিয়েছিল এক বিচারাধীন বন্দি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পাঞ্জিপাড়ায় সেই ঘটনা ঘটে। অভিযুক্তকে আদালত থেকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছিল। ফের চোপড়ায় এই ঘটনার পুনরাবৃত্তি।
অভিযোগ, এদিন মজিবুরকে গ্রেপ্তার করে ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান। এর পর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বেরিয়ে পালাতে সাহায্য করেন। পুলিশ বাধা দিতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের। ওই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, মজিবুরের বিরুদ্ধে সমাজবিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বেশ কিছু দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন মজিবুর। সম্প্রতি গ্রামে ফিরে আসেন তিনি। সেই খবর পেতেই পুলিশ পৌঁছায় গ্রামে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি