Home » মণিপুরে হিংসা অব্যাহত ! ,কুকিদের অবরোধে ফের অশান্ত মণিপুর !

মণিপুরে হিংসা অব্যাহত ! ,কুকিদের অবরোধে ফের অশান্ত মণিপুর !

সময় কলকাতা ডেস্ক :- মণিপুরে হিংসা অব্যাহত ! কুকিদের অবরোধে ফের অশান্ত মণিপুর। তাঁদের দাবিদাওয়া না মানলে অশান্তি চলবে বলেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ ছিল, ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। তবে তা আর হল কই ! মণিপুরে রাস্তাঘাট সচল হওয়ার প্রথম দিনেই ফের গোলমালের অভিযোগ। কেন্দ্র নিষেধাজ্ঞা জারি করলেও লাভের লাভ হল না। উল্টে শনিবার থেকে মণিপুরে নাগরিকদের স্বাভাবিক জীবন ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে শান্তি ফেরার কোনও লক্ষণ এখনই চোখে পড়ছে না। শনিবার সকালেই মণিপুরের নাগরিকদের জন্য বাস পরিষেবা চালুর কথা থাকলেও গণ্ডগোল বাধে। বাস আটকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে কুকি জনগোষ্ঠীর সমর্থকরা। তাঁদের দাবিদাওয়া না মানলে অশান্তি চলবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাংপোকপি জেলায় যাত্রীবোঝাই বাস আটকে চলে বিক্ষোভ। সাতসকালে রাস্তায় নামেন কুকি গোষ্ঠীর মহিলা সদস্যরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে নেমে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।

ঘটনার ছবি একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

ইতিমধ্যে সেই ঘটনার ছবি একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে দফায় দফায় মণিপুর অশান্ত হওয়ার ছবি। ২০২৩ সালের মে মাস থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে মেইতেই এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে। এখনও পর্যন্ত সংঘর্ষে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হতে হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষকে। উত্তর-পূর্বের এই রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা। গত ২ মার্চ ভল্লা এবং অন্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়, ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেয় মন্ত্রক। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশ থাকার পরেও শনিবার পথ অবরোধের চিত্র ধরা পড়ল মণিপুরে।

অভিযোগ ও পাল্টা অভিযোগ দুই গোষ্ঠীর

তবে আগেভাগে সংঘর্ষ বিরোধী চুক্তিতে সই করলেও কুকি গোষ্ঠীর দাবি, কেন্দ্র তাদের জন্য পৃথক প্রশাসনের ব্যবস্থা করুক। তবেই শান্ত হবে মণিপুর। নাহলে বিক্ষোভ চলবে। মেইতেইদের পাল্টা অভিযোগ, মণিপুরের অন্দরেই নিজেদের কতৃত্ব কায়েম করতে ইতিমধ্যে কুকিদের নিয়ম কানুন তৈরি করা হয়েছে। শনিবার নির্দেশ অমান্য করে মণিপুরের একাধিক এলাকায় বিক্ষোভে সামিল হয় কুকি ও মেইতেই গোষ্ঠীর সদস্যরা। বিভিন্ন জায়গা থেকে হিংসার ছবি সামনে আসছে। সে গাড়িতে পাথর ছোড়াই হোক বা টায়ার জ্বালানো, এমনকী নিরাপত্তা বাহিনীর সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় বিক্ষোভকারীদের।

About Post Author