সময় কলকাতা ডেস্ক:- অভয়া কান্ডে নতুন করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সেই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতি তাঁকে শপথবাক্য পাঠ করান। এর পর আরজি কর মামলার শুনানির সময়েও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি বাগচী।
প্রায় দেড় মাস পর এদিন সুপ্রিম কোর্টে শুনানি হয় আরজি কর মামলার। কলকাতার প্রথমসারির সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ইতিমধ্যেই এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আমৃত্যু কারাবাসের সাজা হয়েছে তার। তবে তদন্ত নিয়ে মোটেই সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। তাঁর বাবা-মা মনে করছেন, আসল দোষীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। একা সঞ্জয় এই কাজ করতে পারে না। এর পিছনে আরও অনেকে রয়েছে, এই ঘটনা একটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ। তাই নতুন করে CBI তদন্তের দাবি তোলেন বাবা-মা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে তাঁরা ওই দাবি জানিয়ে মামলাও করেন। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সে সময়ে জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়।
যদিও এদিন শীর্ষ আদালতের নির্দেশের পর এ বিষয়ে আর কোন বাধা রইল না। আরজি করের নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টে আগেই জানিয়েছিলেন, তাঁরা চান, নতুন করে তদন্ত করুক CBI। সেই মামলার শুনানি হোক কলকাতা হাইকোর্টে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বাবা-মায়ের এই আর্জি মেনে নেন। তিনি জানান, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চেই হবে এই মামলার শুনানি।


More Stories
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
চন্দ্রনাথ খুনের পেছনে ভাইপো গ্যাং : শুভেন্দু
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে