সময় কলকাতা ডেস্ক:- লন্ডনের সাবস্টেশনে ভয়াবহ আগুন! লন্ডনের পশ্চিম অংশে এই বৈদ্যুতিক সাবস্টেশনে বিপর্যয়ের ফলে হিথরো বিমানবন্দর শাটডাউন করে দিয়েছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিমানবন্দর ও সংলগ্ন এলাকার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ১৬ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ১০টি দমকল ইঞ্জিন ও ৭০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সাবস্টেশন সংলগ্ন হিলিংডনের হায়েস এলাকায় ২০০ মিটারের একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়। কালো ধোঁয়ায় বাতাস ভারী হয়ে ওঠে, তাই স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা ও দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের ছবি, ভিডিও।
হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনও যাত্রী যেন আপাতত হিথরোর উদ্দেশে রওনা না দেন। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে ২১ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে হিথরো বিমানবন্দর। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে এই বিভ্রাট চলতে পারে। তবে এই বিদ্যুৎ বিভ্রাট এবং বিমানবন্দর শাটডাউনে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথরো। ২০২৪ সালে ওএজি-এর এক সমীক্ষায় এটিকে বিশ্বের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর হিসেবে স্থান দেওয়া হয়। বছরে ৫১ মিলিয়নেরও বেশি যাত্রী চলাচল করেন এই বন্দর দিয়ে। ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরও এই হিথরো।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক