Home » হুগলির ইমামবাড়া হাসপাতালে বসানো হল অক্সিজেন প্লান্ট, এর ফলে বছরে সাশ্রয় হবে ৪ কোটি

হুগলির ইমামবাড়া হাসপাতালে বসানো হল অক্সিজেন প্লান্ট, এর ফলে বছরে সাশ্রয় হবে ৪ কোটি

সময় কলকাতা ডেস্ক:- চিকিৎসা পরিষেবায় গতি আনতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বসানো হলো জীবনদায়ী অক্সিজেন প্লান্ট। সব কিছু ঠিকঠাক থাকলে, কয়েক দিনের মধ্যেই হাসপাতালে নতুন পদ্ধতিতে অক্সিজেন পাবেন চিকিৎসারত রোগীরা। জাম্বো অক্সিজেন সিলিন্ডারে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন জমা থাকবে। টানা সাত থেকে দশ দিন পর্যন্ত ওই প্লান্ট থেকে মিলবে অক্সিজেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় ৫০ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে এই প্রকল্প।

জেলা সদর চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে প্রায় ৬০০টি বেড আছে। আগামী দিনে হাসপাতাল আরও সম্প্রসারিত হবে। তখন এই প্লান্ট খুবই কার্যকরী হবে বলে জানান হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল।তিনি বলেন, ‘বছরে ১০ কোটি টাকা খরচ হতো অক্সিজেনের জন্য। এই প্রকল্প চালু হলেই আগের খরচের তুলনায় প্রায় চার কোটি টাকা সাশ্রয় হবে। করোনা কালে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল। সে রকম কোনও পরিস্থিতি হলেও এ বার আর কোনও সমস্যা হবে না।’

গাড়ি করে ছোট সিলিন্ডারে অক্সিজেন ভরে আনায় যে ঝক্কি ছিল, তা আর পোহাতে হবে না। যে কর্মীরা অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকতেন, তাঁদের আর ২৪ ঘণ্টা সতর্ক থাকতে হবে না। পাইপলাইন করাই আছে হাসপাতালে, যার মাধ্যমে সরাসরি আইসিইউ, ওটি থেকে প্রয়োজনীয় সব ওয়ার্ডে রোগীর বেডে পৌঁছে যাবে অক্সিজেন। এতে এককালীন কিছু টাকা খরচ হলেও, এর ফলে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যাবে। যে সংস্থা এই কাজ করেছে, তারাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বলে জানান হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল।

About Post Author