সময় কলকাতা ডেস্ক:- নির্ধারিত সূচি অনুযায়ী হোয়াইট হাউস থেকে রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি পণ্যে শুল্ক চাপিয়ে ঘরোয়া উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রোজ গার্ডেন থেকে ফেরি করেছেন মাগা-র স্বপ্ন। কিন্তু এই ঘোষণার পর বিশ্বের অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলির শেয়ার বাজার ধস নেমেছে। আমেরিকা থেকে ইউরোপ, ভারত থেকে জাপান, সব বাজারের একই রকমের পরিস্থিতি।
আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতেই বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ট্রাম্পের। কিন্তু এই ঘোষণার সময় থেকেই হুড়মুড়িয়ে কমেছে মার্কিন মুলুকের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ সূচক। ট্রাম্পের ট্যারিফ ঘোষণার সময় এসঅ্যান্ডপি কমেছিল প্রায় ১.৭ শতাংশ। ন্যাসড্যাক কমেছিল প্রায় ২ শতাংশ। যদিও পরে সেই ধাক্কা কিছুটা সামাল দিতে সমর্থ হয়েছে মার্কিন স্টক এক্সচেঞ্জ সূচকগুলি। বাজার বন্ধের পর এসঅ্যান্ডপি প্রায় ০.৭ শতাংশ কমেছে। ন্যাসড্যাক কমেছে প্রায় ০.৯ শতাংশ। ডাও জোনস কমেছে প্রায় ০.৬ শতাংশ।
ভারত ছাড়াও চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মতো এশিয়ার একাধিক দেশের উপরেও শুল্কের চাপ বাড়িয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এশিয়ার বিভিন্ন বাজারেও এর নেতিবাচক প্রভাব দেখা গিয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক পড়েছে ৩.৪ শতাংশের বেশি পড়েছিল। পরে অবশ্য কিছুটা সামাল দিয়ে এই পতনের অঙ্ক নেমে আসে ২.৯ শতাংশে। দক্ষিণ কোরিয়ার স্টক এক্সচেঞ্জ সূচক কসপি পড়েছে ১.৯ শতাংশ। হংকং-এর স্টক এক্সচেঞ্জ সূচক হ্যাংসেং-ও ডাউন রয়েছে। চিনের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ সূচকের পতন হয়েছে। অস্ট্রেলিয়ার উপর ১০ শতাংশ রেসিপ্রোক্যাল ট্যারিফ চাপিয়েছেন। এর পর অস্ট্রেলিয়ার স্টক মার্কেট সূচক এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ কমেছে ১.৮ শতাংশ।
ভারতীয় পণ্যে ২৬ শতাংশ রেসিপ্রোক্যাল ট্যারিফ চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প। এর পর বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন এক্সচেঞ্জের সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ০.৩৯ শতাংশ কমে রয়েছে ৭৬ হাজার ৩১৮ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ০.৩৫ শতাংশ কমে রয়েছে ২৩ হাজার ২৫১ পয়েন্টে। যদিও ট্রাম্পের ট্যারিফ ঘোষণার আগে ভারতের বাজার যে ভাবে ধসেছিল, তার তুলনায় এই পতনকে সামান্যই বলা যায়।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক