Home » তাহাউর রানা ছাড়া আর কারা প্রত্যর্পণের তালিকায় এই মুহূর্তে?

তাহাউর রানা ছাড়া আর কারা প্রত্যর্পণের তালিকায় এই মুহূর্তে?

সময় কলকাতা ডেস্ক:- ২৬/১১-র মুম্বই হামলার ১৭ বছর পরে আমেরিকা থেকে ভারতে ফেরানো সম্ভব হয়েছে তাহাউর রানাকে। এই হামলার অন্যতম মূল অভিযুক্ত রানা এমনটাই দাবি তদন্তকারী সংস্থা এনআইএ-র। কিন্তু তথ্য বলছে, তাহাউর ছাড়াও আরও অনেকে এই হামলায় জড়িত। তাদের তালিকাও তৈরি করেছে এনআইএ।

সেই তালিকায় প্রথম নাম রয়েছে লস্কর-ই-তৈবার চিফ হাফিজ সৈয়দের। রাষ্ট্রপুঞ্জের ঘোষিত সন্ত্রাসবাদী তালিকাতেও নাম রয়েছে হাফিজের। মুম্বই হামলা-সহ ভারতে একাধিক সন্ত্রাসবাদী হামলায় সরাসরি জড়িত হাফিজ সৈয়দ। মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রকারীও হাফিজ। ভারতের বিদেশ মন্ত্রকের দাবি, হাফিজকে প্রত্যর্পণের ব্যাপারে পাকিস্তানকে একাধিকবার সরকারি ভাবে অনুরোধ করা হয়েছে। তার সন্ত্রাসবাদী কাজের তথ্যপ্রমাণও পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু পাক সরকার তাতে কর্ণপাতই করছে না বলে অভিযোগ। এও অভিযোগ, হাফিজকে তারা ফেরত পাঠাতে চাইছে না। বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের তহবিল গড়ার অপরাধে পাকিস্তান লস্কর-ই-তৈবার প্রধান হাফিজকে ৭৮ বছর কারাবাসের নির্দেশ দিয়েছে। কিন্তু তার পরেও সে পাকিস্তানের মদতে সেই দেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে বলে গুচ্ছ গুচ্ছ প্রমাণ রয়েছে, দাবি এনআইএ-র।

মুম্বই হামলায় লস্কর-ই-তৈবার যে সব জঙ্গি জড়িত বলে এনআইএ-র তালিকায় রয়েছে, তাতে নাম আছে আব্দুল রহনাম হাসিম সৈয়দেরও। পাশা নামেই সে বেশি পরিচিত। ভারতের মোস্ট ওয়াটেন্ড জঙ্গির তালিকাতেও পাশার নাম রয়েছে। কুখ্যাত করাচি প্রজেক্ট-এর প্রধান পাশা। ভারতে স্থানীয় যুবকদের কাজে লাগিয়ে পরের পর বোমা বিস্ফোরণের ছক কষেছিল পাশা।

তাহাউর রানার মতোই মুম্বই হামলায় অন্যতম ষড়যন্ত্রী দাউদ সৈঈদ গিলানি ওরফে ডেভিড কোলম্যান হেডলি। রানা ও হেডলি দু’জনেই ছোট থেকে বন্ধু। হেডলি এখন আমেরিকার জেলে বন্দি। সে পাক-আমেরিকান নাগরিক। তার বাবা পাকিস্তানি, মা আমেরিকান।

মুম্বই হামলায় আরও এক মাস্টারমাইন্ড মেজর ইকবাল। ২৬/১১-র মুম্বই হামলার আগে ডেভিড হেডলি যখন ভারতে এসেছিল সেই সময় মেজর ইকবাল তাকে টাকা পাঠাত। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স ডিরেক্টরেট-এর অফিসার ছিল মেজর ইকবাল।

মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড জাকি-উর-রহমান লখভি। সূত্রের খবর, কয়েক মাস আগে তাকে জোর করে আন্ডারগ্রাউন্ড শেল্টারে পাঠিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। আন্তর্জাতিক জঙ্গি হিসেবে পরিচিত লখভিও অবাধে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে বলে ভারতের দাবি।

About Post Author