Home » রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি

রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি

সময় কলকাতা ডেস্ক:- সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে কয়েক দিন ধরে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। উত্তাল রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে বাংলায় শান্তি ফেরানোর আর্জি জানিয়ে এবার খোলা চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই অশান্তির ঘটনা নিয়ে বিজেপি এভং আরএসএস-কে এক যোগে আক্রমণও করলেন তিনি।
২০১১ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী শান্তির আবেদন করেন। তবে তিনি এ-ও জানান, পশ্চিবঙ্গে হঠাৎ করে বিজেপি এবং তার সঙ্গীরা আক্রমণাত্মক হয়েছে। সাম্প্রতিক সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিজেপি-আরএসএসের বিরুদ্ধে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী লেখেন, ওরা বিভেদের রাজনীতি করছে, ডিভাইড অ্যান্ড রুল খেলছে। তিনি বলেন, দাঙ্গাবাজরা হিন্দু-মুসলমান নয়, তারা দুর্বৃত্ত। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্ররোচনার কারণে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি এবং আরএসএস। মমতা রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে লেখেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেছেন, বাংলার সম্প্রীতির ঐতিহ্য—দুর্গাপুজো, ঈদ, গঙ্গাসাগর মেলা থেকে বড়দিন—সব উৎসব একসঙ্গে উদ্‌যাপন করার চিত্র। একইসঙ্গে তুলনা করেছেন উত্তরপ্রদেশ, মণিপুরের পরিস্থিতির সঙ্গে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলায় হিংসা ও দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। বাংলার মানুষের মধ্যে ভাগাভাগি তৈরি করতে চাইছে। তিনি আরও জানান, সাম্প্রদায়িক অশান্তি রোখা হবেই। এই অশান্তির নেপথ্যে যারা রয়েছে, তাদের কড়া হাতে দমন করা হবে বলেও জানান মমতা। একই সঙ্গে রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। শেষদিকে কবিগুরু রবীন্দ্রনাথের ‘জনগণমন’ উল্লেখ করে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়ে মিথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপথগামী হবেন না। মিলেমিশে একজোট হয়ে থাকার এবং অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেন। ওদের গুন্ডামি ও মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে। ভারতীয় হিসেবে একত্র থাকতে হবে। বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

About Post Author