সময় কলকাতা ডেস্ক:- এখন শুধু সময়ের অপেক্ষা। মাত্র ৩০ মিনিটেই দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছোনো যাবে। দেশের প্রথম ‘হাইপারলুপ’ লাইনের সফল পরীক্ষা হয়ে গেল। রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ ‘হাইপারলুপ’ লাইন তৈরি করেছে আইআইটি মাদ্রাজ।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘হাইপারলুপ’ লাইনের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। রেলমন্ত্রী জানান, পরিবহণ এবং গতির দুনিয়ায় এই ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আইআইটি মাদ্রাজের সঙ্গে যৌথ ভাবে এই প্রকল্পটির কাজ চলছে। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১১০০ কিলোমিটার, যা বুলেট ট্রেনের থেকেও গতি বেশি। একটি বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার।
রেল মন্ত্রকের দাবি, এই ট্রেন চালু হলে, মাত্র ৩০ মিনিটেই ৩৫০ কিলোমিটার ‘হাইপারলুপ’ অতিক্রম করা যাবে। ঘণ্টায় ১১০০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। রেল মন্ত্রকের আরও দাবি, ‘হাইপারলুপ’ ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায়, তা হলে পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
কিন্তু হাইপারলুপ ট্রেন কী? একটি লো-প্রেশার টিউবের মধ্যে দিয়ে চলে এই সুপারফাস্ট ট্রেন। সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নয়, বরং একটিমাত্র কামরা থাকে এতে। মূলত ইলেকট্রিকেই চলে। চৌম্বক শক্তির প্রভাবে কামরাটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায়। এর পর ধীরে ধীরে গতি বাড়ায়। ট্রেনটি চালানো হবে এমন একটি টিউবের মধ্যে দিয়ে, যাতে কোনও বাতাস থাকবে না। বাতাস না থাকায় সামনের দিকে এগোতে গেলে বায়ুমণ্ডলের কোনও বাধা থাকে না বলে ওই ট্রেন অতি দ্রুত গতিতে ছুটতে পারে। তাই এটাকে বলা হয় হাইপারলুপ ট্রেন।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!