সময় কলকাতা ডেস্ক:- ফের বিতর্কে কেন্দ্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিদেশ সফর। রবিবার বস্টনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের নির্বাচন কমিশনকে একহাত নেন রাহুল। অভিযোগ তোলেন, ভারতের নির্বাচন কমিশন মোটেই নিরপেক্ষ নয়। বিদেশের মাটিতে রাহুলের এই মন্তব্য ঘিরে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। কংগ্রেস অবশ্য তাদের নেতার পাশে থেকেই বুঝিয়ে দিয়েছে, ভুল কিছু বলেননি রাহুল।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরা একটি সাংবাদিক বৈঠক করে বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। ভোটগ্রহণের শেষ একঘণ্টায় ১০-১৩ শতাংশ ভোট বেড়ে যাওয়া মোটেই স্বাভাবিক নয়! আর বিশ্বায়নের যুগে কে কোথায় থেকে বসে অভিযোগ তুলছেন, সেটা বড় বিষয় নয়। খেরার প্রশ্ন, রাহুলের অভিযোগের জবাবে নির্বাচন কমিশন মুখ না খুলে বিজেপি চিৎকার করছে কেন? খেরার দাবি, ‘বিদেশের মাটিতে গিয়ে দেশের রাজনৈতিক সমস্যার কথা বলা আমরা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেই শিখেছি!’
রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশনের তরফে কোনও বিবৃতি না এলেও সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্রের কটাক্ষ, ‘ইউএস ভাইস প্রেসিডেন্ট যেদিন ভারতে এলেন, সেদিনই রাহুল আমেরিকা গিয়ে ভারতকে এবং তার গণতন্ত্রকে অশ্রদ্ধা করলেন! এটাই কংগ্রেসের স্বভাব। রাহুল গান্ধীজির থেকে জানতে চাই, নভেম্বরে তো ঝাড়খণ্ডের ভোটও হয়েছিল, সেখানে হেমন্ত সোরেন কি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে জিতেছিলেন? প্রিয়াঙ্কা ভাদরার উপনির্বাচনে জয় কি কমিশনের সঙ্গে যোগসাজশ নাকি তাঁর কঠোর পরিশ্রমের ফল?’
বিজেপির দাবি, ‘লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি মাত্র ন’টি আসন জিতেছিল, কংগ্রেস জিতেছিল ১৩টিতে। তখন কেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেনি কংগ্রেস? ভারতের নির্বাচনী ব্যবস্থা নিরপেক্ষ বলেই ওই ভোটের ফলগুলো সম্ভব হয়েছিল।’ বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার আবার মন্তব্য, ‘রাহুল গান্ধী কেন সব সময় বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের দুর্নাম করেন? উনি আসলে জর্জ সোরোসের এজেন্ট, তাই ভারত বিরোধী মনোভাব।’ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও দাবি, বিদেশের মাটিতে গিয়ে ভারতের নিন্দা করা কংগ্রেসের স্বভাব!


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার