Home » গলা কাটার ইঙ্গিত পাক সেনা কর্তার, তুমুল বিক্ষোভ লন্ডনের পাক হাইকমিশনের সামনে

গলা কাটার ইঙ্গিত পাক সেনা কর্তার, তুমুল বিক্ষোভ লন্ডনের পাক হাইকমিশনের সামনে

সময় কলকাতা ডেস্ক:- পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে লন্ডনে পাক হাই কমিশনের সামনে শুক্রবার বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী হিন্দু ভারতীয়রা। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গিয়েছে, ভারতীয়দের উদ্দেশে হাইকমিশনের অফিসে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের এক সেনাকর্তাকে গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করতে। কর্নেল তৈমুর রাহত নামে ওই সেনা অফিসারের হাতে ছিল ভারতের বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমানের ছবি দেওয়া একটি পোস্টার। অভিনন্দন বর্তমানকেই পাকিস্তান থেকে কূটনৈতিক চালে ভারতে ফেরানো হয়। রাহতের অঙ্গভঙ্গির ভিডিয়ো ঘিরে তুমুল সমালোচনার ঝড় উঠেছে লন্ডন ও ভারতে।

এ দিকে, পাকিস্তানে ভুল করে চলে গিয়ে সেখানে আটকে পড়েছেন বিএসএফের জওয়ান, বিষড়ার বাসিন্দা পূর্ণকুমার সাউ। এই পরিস্থিতিতে অভিনন্দন বর্তমানের পোস্টার হাতে নিয়ে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের ভবনের বারান্দা থেকে পাক সেনা অফিসার কী ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

বিক্ষোভকারী ভারতীয়দের অভিযোগ, তাঁরা যখন লন্ডনের পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন হাই কমিশনের ভিতরে জোরে গান বাজানো হচ্ছিল। প্রতিবাদকারীদের দাবি, জোরে গান বাজানোর ঘটনা প্রমাণ করে, পহেলগামের হামলায় ক্ষতের উপর আরও আঘাত করা হচ্ছে। জঙ্গি হামলার ঘটনায় বিশ্ব জুড়ে যখন নিন্দা ও শোকপ্রকাশ হচ্ছে, সেই সময় পাকিস্তান হাই কমিশনের ওই আচরণ অমানবিক। পাক হাইকমিশনের আচরণকে নিন্দা ও ধিক্কার জানান বিক্ষোভকারী প্রবাসী ভারতীয়রা।

উল্লেখ্য, শুক্রবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান সেখানকার প্রবাসী ভারতীয়েরা। ওই দলে মূলত হিন্দুরাই ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। সেই সব ব্যানার, প্ল্যাকার্ডে জঙ্গি হামলার ধিক্কার জানান তাঁরা। প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তান বিরোধী স্লোগান।

About Post Author