Home » পহেলগাঁও হামলায় পাকিস্তানকে সমর্থন চিনের!

পহেলগাঁও হামলায় পাকিস্তানকে সমর্থন চিনের!

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কার্যত মুখ দেখাদেখি বন্ধের পথে ভারত-পাকিস্তান। সন্ত্রাসবাদের কড়া পদক্ষেপ নিতে ভারতকে সমর্থন দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। এই পরিস্থিতির মাঝেই এবার পাকিস্তানের পক্ষ নিয়ে উলটো সুর গাইল ইসলামাবাদের বন্ধু বেজিং। পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা দেশ বলে উল্লেখ করে, শাহবাজ শরিফের নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থন করল চিন। শুধু তাই নয় চিনের বার্তা, তারা গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ২৬ জনকে। এই হামলার দায় নিয়েছে পাকিস্তানের লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যোগের তত্ত্ব। সন্ত্রাসবাদকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা যখন চরম আকার নিয়েছে সেই পরিস্থিতিতেই পাকিস্তানের পক্ষ নিয়ে রবিবার বিবৃতি দিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং-ই।

পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দারের সঙ্গে ফোনালাপের পর, ভারত ও পাকিস্তান দুই দেশকে সংযম বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ায় পাক কর্তৃপক্ষ এখন রাষ্ট্রসঙ্ঘের খসড়া প্রস্তাব থেকে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্সের নাম মুছে ফেলার তৎপরতা চালাচ্ছে।

সূত্রের খবর, পাকিস্তানের এই কাজে পিছন থেকে মদত ও সমর্থন জোগাচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন। ভারত চলতি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নির্বাচিত হয়নি। ফলে পাকিস্তানের এই মতলবকে ঠেকাতে তেমন কোনও সক্রিয় কূটনীতিক চাল চালতে পারছে না। এই পরিস্থিতিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পহেলগাঁও হামলার পরেও পাকিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। রবিবারই পাক বিদেশমন্ত্রী ও নয়াদিল্লির সঙ্গে কথা বলেন ওয়াং।

ইসলামাবাদকে আশ্বস্ত করে চিন বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ বজায় রাখতে সবরকম সাহায্য করা হবে। একইসঙ্গে ভারত ও পাকিস্তানকে এই পরিস্থিতিতে সংযত থাকার পরামর্শ দিয়েছে চিন।

পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোনে চিনা মন্ত্রী বলেন, নিরপেক্ষ তদন্তের প্রস্তাবেও তারা রাজি। কারণ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগে পহেলগাঁও নিয়ে ভারতের অভিযোগের জবাবে তৃতীয় মধ্যস্থতায় তদন্তের দাবি জানিয়েছিলেন। আপাতত ভারতের মারমুখী ভঙ্গিমা দেখে কাশ্মীর ইস্যুকে দীর্ঘদিনের পুরনো চাল তৃতীয় পক্ষের মধ্যস্থতার দিকে নিয়ে যেতে চাইছে ইসলামাবাদের সরকার। সেই ফন্দিমতো পাকিস্তান, চিন ও রাশিয়া সহ পশ্চিমী দেশগুলিকে সন্ত্রাসবাদী হামলার নিরপেক্ষ তদন্ত করার আর্জি জানিয়েছে।

পহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। নেহেরু আমলের সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করার পাশাপাশি পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য। শুরু হয়েছে পাকিস্তানের উপর প্রতিশোধের তোড়জোড়। অন্যান্য বারের মতো এবারও জঙ্গি হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। বড় হামলার আশঙ্কায় নিরপেক্ষ কোনও আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি, বন্ধু দেশ চিনের কাছে আর্জি জানিয়েছে তাদের পাশে থাকার। এর ঠিক পরই এবার পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি জারি করল বেজিং।

About Post Author