Home » ‘নিজের জালে নিজেই ফাঁসছে, মুখোশ খুলে যাচ্ছে…’ রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া নিন্দা ভারতের

‘নিজের জালে নিজেই ফাঁসছে, মুখোশ খুলে যাচ্ছে…’ রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া নিন্দা ভারতের

সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ এক সাক্ষাৎকারে কার্যত স্বীকার করে নিয়েছেন যে, গত তিন দশক ধরে জঙ্গিদের সমর্থন জোগাচ্ছে, প্রশিক্ষণও দিচ্ছে পাকিস্তান। তবে এই কাজের দায় আমেরিকার দিকে ঠেলেছেন তিনি। তাঁর বক্তব্য, আমেরিকার জন্য তিন দশক ধরে এই নোংরা কাজ করে চলেছে পাকিস্তান। আর সেই স্বীকারোক্তি নিয়েই ইসলামাবাদকে সরাসরি তোপ দাগল ভারত। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পহেলগাঁও হামলার কড়া নিন্দা করা হয়েছিল আগেই। যেভাবে জঙ্গিদের হাতে নীরিহ মানুষ প্রাণ হারিয়েছে তার বিরুদ্ধে একজোট হয়েছে গোটা বিশ্ব। এবার রাষ্ট্রসংঘের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে কড়া জবাব ভারতের।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে কেন্দ্র। আর এবার রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া নিন্দা ভারতের। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফের বক্তব্যকেই হাতিয়ার করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করতে গিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের তুলোধনা করল ভারত।

ভারতের তরফে রাষ্ট্রসংঘে স্থায়ী ডেপুটি প্রতিনিধি যোজনা পটেল বলেন, পাক মন্ত্রীর স্বীকারোক্তিতে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে। এটা পরিষ্কার, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে ইন্ধন এবং কাশ্মীরকে অস্থিতিশীল করে তোলার দায় পাকিস্তানের। এরপর আর গোটা বিশ্ব চোখ বন্ধ করে থাকতে পারে না। তাছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তান মিথ্যা ও ভিত্তিহীন প্রচারে মদত দিচ্ছে। ভারতের প্রতিনিধি উল্লেখ করেন, ২৬/১১-র ভয়াবহ মুম্বই হামলার পর পহেলগামে সন্ত্রাসী হামলায় অসামরিক হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।

রাষ্ট্রপুঞ্জের বিশেষ উদ্যোগ ‘ভিকটিমস অব টেররিজম অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’ শুরু হল সম্প্রতি। আর সেই সভাতেই ভারতের প্রতিনিধি যোজনা পটেল বলেন, একটি দেশ যেভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, যেভাবে এই ফোরামটার অপব্যবহার করছে, তা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রসংঘের ওই মঞ্চ থেকে গোটা বিশ্ব একযোগে পহেলগাঁও কাণ্ডের নিন্দা করায় ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করায়, ধন্যবাদ জানায় ভারত।

 

About Post Author