Home » পহেলগাঁওয়ের থেকেও আরও বড় জঙ্গি হামলার ছক! কাশ্মীরে বন্ধ ৪৮টি পর্যটনকেন্দ্র

পহেলগাঁওয়ের থেকেও আরও বড় জঙ্গি হামলার ছক! কাশ্মীরে বন্ধ ৪৮টি পর্যটনকেন্দ্র

সময় কলকাতা ডেস্ক:- এ যেন আবার বছর দশেক পিছিয়ে গেল কাশ্মীর। পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল। পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই নৃসংশ হত্যাকাণ্ডের পরই ছন্দ কেটেছিল উপত্যকার। তবে পহেলগাঁও হামলাতেই শেষ নয়, কাশ্মীরজুড়ে আরও বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা! এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা।

ফোনে আড়ি পেতে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পরেই সক্রিয় হয়ে উঠেছে কাশ্মীরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেলগুলি। যথাযথ অপারেশন করার নির্দেশও দেওয়া হয়েছে তাদের। যেহেতু একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, তার পাল্টা আরও বড়সড় আঘাত হানার ছক কষছে সন্ত্রাসবাদীরা। এবারও তাদের নিশানায় থাকছে বাছাই করা পর্যটকরা। জঙ্গিরা আরও বড় মাপের হামলা করে গুরুতর আঘাত আনতে চাইছে কাশ্মীর তথা গোটা দেশের উপর। আর সেই ইঙ্গিত পেয়েই এবার কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দিল ওমর আবদুল্লার সরকার।

সূত্রের খবর, পহেলগাঁওয়ের পর আরও বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা বিভাগের থেকে এমন খবর পেয়েই পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার এক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসের কোপ পড়ল কাশ্মীরের পর্যটন শিল্পে। ইতিমধ্যেই অ্যান্টি ফিদায়েঁ স্কোয়াড নামিয়েছে কাশ্মীর পুলিশ। সেইসঙ্গে কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার।

গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে গত মঙ্গলবার জঙ্গিদের নাশকতায় কাশ্মীরের পর্যটন ব্যবস্থা যে একটু লাইনচ্যুত হবে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। ২০২৩ সাল থেকেই ধাপে ধাপে রের্কড পর্যটক এসেছে কাশ্মীরে। এমনকী, চলতি গ্রীষ্মেও পর্যটনের মাধ্য়মে বাড়তি অক্সিজেন পেত কাশ্মীর, সেই নিয়েও কোনও সন্দেহ নেই। কিন্তু তার আগেই যেন সব শেষ।

About Post Author