সময় কলকাতা ডেস্ক:- তিন বছর পেরিয়ে গেলেও জারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই থামানোর নাম নেই ইজরায়েলের। এখনও পর্যন্ত কোনও সংঘাতেরই রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতে উদ্বেগ বাড়ছে ভারত আর পাকিস্তানকে নিয়ে। যেকোনও মুহূর্তে পহেলগাঁও হামলার জবাব দিতে পড়শি দেশে আঘাত হানতে পারে ভারতীয় সেনা! জোরাল হচ্ছে এমনই জল্পনা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। এসবের মাঝেই এবার বৃহত্তর সংঘাত এড়ানোর বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথায়, পহেলগাঁও হামলার পাল্টা দেওয়া উচিত ভারতের। কিন্তু তার জেরে যেন বৃহত্তর যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়।
দেশে ফিরে বিখ্যাত সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ভ্যান্স। সেখানেই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খোলেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথায়, জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত। কিন্তু আমেরিকার আশা, সেই প্রত্যাঘাতের জেরে যেন বৃহত্তর এলাকায় সংঘাত তৈরি না হয়। আমেরিকা মনে করে, পাকিস্তানেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। অনেক সময় পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চলে। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসদমনে ভারতের পাশে থাকা এবং সহযোগিতা করা।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। হিন্দু পরিচয় জেনে ২৬ জনকে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় পাকিস্তানের মদতপুষ্ট লস্করের হাত দেখছে ভারত। তাই প্রতিবাদে ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি। পাল্টা দিয়েছে পাক সরকারও। অনেকের অনুমান, পাকিস্তানে কোনওভাবে আক্রমণ করতে পারে ভারত। তবে সেটা হয়তো যুদ্ধের সমকক্ষ হবে না।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি