সময় কলকাতা ডেস্ক:- কনফার্মড টিকিট নিয়ে যে যাত্রীরা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন, তাঁদের স্বাচ্ছন্দ্যের জন্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতীয় রেল। চলতি মাস থেকে আর কোনও যাত্রীই ‘ওয়েটিং’ টিকিট নিয়ে কোনও এসি বা স্লিপার ক্লাস কামরায় উঠতে পারবেন না।
ঘোষণা করা হয়েছে, ‘ওয়েটিং’ টিকিট নিয়ে কোনও যাত্রী সংরক্ষিত কামরায় উঠলে তাঁকে বিনা টিকিটের যাত্রী হিসেবেই বিবেচনা করা হবে। রেল আইন মোতাবেক ওই যাত্রীর থেকে সেই মতো জরিমানা আদায় করা হবে এবং তাঁকে জেনারেল কামরায় পাঠিয়ে দেওয়া হবে।
অনলাইনে কাটা টিকিট শেষ পর্যন্ত ‘কনফার্মড’ না হলে নিজে থেকেই ‘ক্যানসেলড’ হয়ে যায় এবং যাত্রী নির্দিষ্ট সময় পরে টিকিটের মূল্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পান। কিন্তু কাউন্টার থেকে কাটা টিকিটের যাত্রীরা বেশির ভাগ সময়েই টিকিট কনফার্ম হয়েছে কি না সেই খবর না রেখে টিকিট হাতে ট্রেনে উঠে পড়েন। সমস্যায় পড়েন এসি এবং স্লিপার ক্লাসের যাত্রীরা।
ভারতীয় রেলের বাণিজ্য বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, ‘ওয়েটিং’ টিকিট নিয়ে ট্রেনে ওঠার নিয়মই নেই — কোনও কালেই ছিল না। ট্রেনে ওঠার অধিকারী শুধু ‘কনফার্মড’ টিকিট ও ‘আরএসি’ টিকিটের যাত্রীরা। কিন্তু বহু যাত্রীই সেই নিয়মের তোয়াক্কা না করে ট্রেনে ওঠেন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পরেও টিকিট ‘কনফার্মড’ না হলেও অনেকেই ‘ম্যানেজ করে নেওয়ার’ পরিকল্পনায় ট্রেনে উঠে পড়েছিলেন। অনেক সময়ে সিট খালি থাকলে তাঁরা বসেও পড়েন। পরে ওই সিটের ন্যায্য অধিকারী উঠলে তাঁরা আর জায়গা পান না।
টিকিট কনফার্ম না হলেও ওয়েটিং টিকিট হাতে ট্রেনে উঠে পড়া এবং কিছুক্ষণ পর টিকিট পরীক্ষককে ‘ম্যানেজ’ করে সিট জোগাড় করতে যাঁরা অভ্যস্ত, তাঁদের ট্রেন ভ্রমণের পুরোনো অভ্যেসে এ বার হয়তো ছেদ পড়বে রেলের এই ঘোষণায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর