Home » ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে গ্রেপ্তার আরও এক পাকিস্তানি। গত তিন দিনে এক পাক রেঞ্জার্স-সহ তিন পাকিস্তানিকে গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে গ্রেপ্তার আরও এক পাকিস্তানি। গত তিন দিনে এক পাক রেঞ্জার্স-সহ তিন পাকিস্তানিকে গ্রেপ্তার

সময় কলকাতা ডেস্ক:- ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাক নাগরিকের। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অফ কন্ট্রোল থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। তাঁর বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ। এরই মধ্যে গত তিন দিনে এক পাক রেঞ্জার্স-সহ তিন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হল।

এদিনই জম্মু ও কাশ্মীরের বদগাওয়ে নাকা চেকিংয়ের সময় গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। তারা জঙ্গিদের সহযোগী বলে সেনার তরফে জানানো হয়েছে। ধৃতদের কাছ থেকে পিস্তল, গ্রেনেড ছাড়াও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও কেউ জড়িত কিনা সেই বিষয়েও জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে এদিনই পাঞ্জাব থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। একটি জঙ্গলে অভিযান চালানোর সময় গ্রেনেড, আইইডি বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

গত ৩ মে পাঞ্জাব সীমান্ত থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। জঙ্গলে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। ধৃতের নাম হুসনাইন। তিনি এখন পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। ওই দিনই রাজস্থানে আটক হন এক পাকিস্তানি রেঞ্জার। তাঁকে বিএসএফের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে।

About Post Author